হ্যাকারদের আক্রমণে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক
সাইবার আক্রমণের শিকার হচ্ছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক দি রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া (আরবিএ)। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ওপর হ্যাকারদের এই আক্রমণের কথা প্রথম জানিয়েছিলো অস্ট্রেলিয়ারই একটি সংবাদ মাধ্যম। সংবাদপত্রে সাইবার আক্রমণের খবর প্রকাশ পাবার পর আরবিএ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলেই জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
তবে হ্যাকারদের সাইবার আক্রমণে কোনো গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর তথ্র বেহাত হয়নি বলেই জানিয়েছে আরবিএ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে আরবিএর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থাটি যথেষ্ঠ শক্ত। ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে কোন ভাইরাস যেন ছড়িয়ে না পরে তা নিশ্চিত করেছে নিরাপত্তা ব্যবস্থাটি।’
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর সাইবার আক্রমণের খবর জানিয়ে প্রতিবেদন করেছিলো অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, আরবিএ-এর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছে ‘স্ট্র্যাটিজিক প্ল্যানিং এফওয়াই ২০১২’ শিরোনামে একটি ইমেইল পাঠানো হয়েছিলো, যাতে ছিলো লুকানো ম্যালওয়্যার। ম্যালওয়্যারটি প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যেতে পারলেও এর সংক্রমণ ঠেকিয়ে দিতে সমর্থ হয়েছিলো ব্যাংকের আইটি কর্মীরা।
সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণের জন্য সিকিউরিটি ফার্মগুলো দায়ী করেছিলো চীনকে। তবে আরবিএর ওপর সাইবার আক্রমণের সঙ্গেও চীনের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আরবিএ কর্তৃপক্ষ।
