২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কথা বলবে গুগলের নতুন জুতো

কথা বলা জুতো নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল! গুগলের তৈরি এই জুতো জোড়া শুধু কথাই বলে না, ঠিক মতো শরীরচর্চা বা ব্যায়াম করার জন্য ব্যবহারকারীকে বারবার তাগাদা দেবে এটি। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে গুগলের তৈরি জুতো জোড়া। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্লুটুথ সংযোগ ব্যবহার করে কাজ করবে এটি।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনটির সঙ্গে সংযোগ পেলেই স্পিকার দিয়ে কথা বলা শুরু করবে পরীক্ষামূলকভাবে তৈরি এই জুতো জোড়া। জুতোটির ইলেকট্রনিক সার্কিটে রয়েছে অ্যাকসেলেরোমিটার আর জাইরোস্কোপের মতো মোশন সেন্সর। মোশন সেন্সরগুলো দিয়েই ব্যবহারকারীর কাজকর্মে রীতিমতো নজরদারি করে গুগলের এই জুতো। আলসেমি করে বসে থাকবেন তো তবেই সেরেছে। যতোক্ষণ না ব্যবহারকারী শরীরচর্চা, অন্তত হাঁটাহাঁটি শুরু না করবেন, ততক্ষণ ব্যবহারকারীকে জ্বালাতেই থাকবে জুতো জোড়া।

তবে জুতো জোড়ার কথাগুলো কিন্তু বেশ মজার। জুতো পরে বেশিক্ষণ বসে থাকলেই জুতোটি বিরক্তির স্বরে বলে উঠবে, ‘এটা খুব বিরক্তিকর’। আবার উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলেই বলে উঠবে, ‘এটাই তো চাই’। আর দৌড়ানো শুরু করলে তো কথাই নেই, ‘আমি সুতোয় বাতাসের অনুভূতিটা ভালোবাসি’, বলবে গুগল জুতো।

আবার মাত্রাতিরিক্ত শরীরচর্চা করলে থামতেও বলবে জুতো জোড়া। তবে গুগলের এই জুতো জোড়া যে আনকোরা নতুন আবিষ্কার, তা বলার সুযোগ নেই। বাজারে ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে স্পোর্টস পণ্য নির্মাতা নাইকির তৈরি এমন এক জোড়া জুতো।