২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির মরুভূমিতে চালু হচ্ছে বৃহত্তম টেলিস্কোপ

ভূপৃষ্ঠে স্থাপিত পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপ ‘আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে টেলিস্কোপ (আলমা)’ চালু হচ্ছে চিলির মরুভূমিতে। আলমার রয়েছে ৬৬টি রেডিও ডিশ। স্পেসডটকম জানিয়েছে, ১৩ মার্চ থেকে চালু হবে আলমা টেলিস্কোপ।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

আলমা টেলিস্কোপ তৈরিতে খরচ হয়েছে ১৩০ কোটি ডলার। উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশ যোগান দিয়েছে এই তহবিলের। চিলির আটাকামা মুরভূমিতে অবস্থিত এক পর্বত চূড়ায় তৈরি করা হয়েছে টেলিস্কোপটি।

টেলিস্কোপটি ব্যবহার করে বিগ ব্যাংয়ের পরে সৃষ্টি হয়েছে এমন পুরনো এবং বহু দূরে অবস্থিত ছায়াপথেও নজরদারি করতে পারবেন বিজ্ঞানীরা। ফলে দূর-দূরান্তের নক্ষত্রকে ঘিরে তৈরি হতে থাকা নতুন নতুন গ্রহের গঠন প্রক্রিয়াতেও নজর রাখা সম্ভব হবে।

পৃথিবীর যে কোনো টেলিস্কোপের তুলনায় ১০০ গুণ বেশি শক্তিশালী আলমা। পরিষ্কার ছবি পাবার জন্য টেলিস্কোপটিকে স্থাপন করা হয়েছে ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উঁচু পর্বত চূড়ায়। এই উচ্চতায় টেলিস্কোপটিতে কর্মরত বিজ্ঞানীদেরও বেশ ঝক্কি পোহাতে হবে। অনেক সময় শ্বাস নেবার জন্য নির্ভর করতে হবে কৃত্রিম উপায়ে অক্সিজেন সরবরাহের ওপর।