মঙ্গলে বন্যার প্রমাণ পেল নাসা
২০০৬ সাল থেকে মঙ্গল গ্রহ প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহ ‘মার্স রিকনিসন্স অরবিটার’ (এমআরও) সম্প্রতি মঙ্গলে বন্যার প্রমাণ পেয়েছে। গিজম্যাগ জানায়, সম্প্রতি মঙ্গলের ভূগর্ভ ত্রিমাত্রিকভাবে স্ক্যান করে সেখানে একটি বড় ভূগর্ভস্থ নদীপথের অস্তিত্ব ধরা পড়ে।
গত ৫০ কোটি বছরের মধ্যে মঙ্গলের ইতিহাসে এক বন্যা সংঘটিত হয়েছে। ফলে শুষ্ক গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল সম্পর্কে ধারণা পালটে যায় বিজ্ঞানীদের। ধারণা করা হচ্ছে, এই বন্যা মঙ্গলের জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে।
৬২০ মাইল দীর্ঘ ‘মারটি ভ্যালিস’ নামে পরিচিত এই নদীপথটি মঙ্গলের বিষুবীয় অঞ্চলে ‘ইলিসিয়াম প্লানিশিয়া’ নামের প্লাবনভূমিতে অবস্থিত। মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাসের আগ্নেয়গিরি থেকে উৎপন্ন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে নতুন এবং এই এলাকা অন্যান্য আগ্নেয়গিরির ধ্বংসাবশেষের নিচে চোখে পড়ে না।
‘মারটি ভ্যালিস’ অঞ্চলটি মূলত দু’টি স্তরে তৈরি হয়েছে। এই গভীর নদীপথে প্রথমে অনেক ছোট ছোট পেঁচানো নদীপথ ছিল। ধারণা করা হচ্ছে, অগ্ন্যূৎপাতের আগে এই পানি ভূগর্ভে সঞ্চিত ছিল।
ওয়াশিংটনের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম সেন্টার ফর আর্থ অ্যান্ড প্ল্যানিটারি স্টাডিসের একজন ভূতত্ত্ববিদ গারেথ মরগান বলেন, ‘আমাদের গবেষণায় জানা যায়, আগে ভূমিক্ষয় থেকে উৎপন্ন এই ভূগর্ভস্থ নদীপথগুলোর দিকে লক্ষ করা হয়নি।’
