২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২০০ কর্মী ছাটাই করবে মটোরোলা মোবিলিটি

গত বছরের অগাস্টে সার্চ জায়ান্ট গুগলের মালিকানাধীন মোবাইল ফোন নির্মাতা মটোরোলা মোবিলিটি থেকে প্রায় চার হাজার কর্মী ছাটাই করা হয়। সম্প্রতি মটোরোলা কর্মীদের এক ই-মেইল বার্তায় প্রতিষ্ঠানের বিপুল খরচের বিষয়টি উল্লেখ করে আরো ১,২০০ কর্মী ছাটাই হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র ‘দি টেলিগ্রাফ’।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

গত বছর সার্চ জায়ান্ট গুগল মটোরোলাকে ১২৫০ কোটি মার্কিন ডলার মূল্যে কিনে নেয়, যা ছিলো তখন পর্যন্ত তাদের সবচেয়ে ব্যয়বহুল ক্রয়। গুগলের এটি কেনার প্রধান উদ্দেশ্য ছিল অ্যান্ড্রয়েডের প্রতি আইনি আক্রমণ প্রতিহত করা এবং এর সফটওয়্যার ব্যবসা প্রসারিত করা।

প্রতিষ্ঠানটির মুখপাত্র নিকি ফেনউইক ইমেইলের মাধ্যমে রয়টার্সকে জানিয়েছেন, ‘ কর্মী হ্রাসের চলমান প্রক্রিয়াটি আমরা গত গ্রীষ্মেই জানিয়েছি’।

যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের কর্মীদের একাংশকেও ছাটাই করা হবে বলে ধারণা প্রকাশ করেছে টেলিগ্রাফ।

মটোরোলা মোবিলিটি তৈরি হয় ২০১১ সালে, যখন প্রতিষ্ঠানটি মটোরোলা মোবাইল ডিভাইস বিভাগ এবং মটোরোলা সলিউশনস বিভাগ নামে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একসময় সমগ্র মোবাইল ফোনের বাজারে পরাক্রমশালী মটোরোলা আজ প্রতিযোগিতায় অ্যাপল এবং স্যামসাংয়ের পেছনে চলে এসেছে।