২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআইভি ধ্বংস করবে মৌমাছির বিষ

এইচআইভির সংক্রমণ ঠেকিয়ে দেয় মৌমাছির বিষ। শুধু তাই নয়, মৌমাছির বিষের উপাদান মেলিটিন সুস্থ কোষের কোনো ক্ষতি না করেই এইডস ভাইরাসের বাইরের প্রোটিনের আস্তরটিতে ফুটো করে ধ্বংস করে দেয় ভাইরাসগুলোকে।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 01:54 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

হাফিংটন পোস্ট জানিয়েছে, এইচআইভির বিরুদ্ধে মৌমাছির বিষের এই কার্যকারিতা আবিষ্কার করেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন ইন সেন্ট লুইসের বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, দৈহিক মিলনের সময়ে যৌনাঙ্গে মেলিটিন মিশ্রিত বিশেষ জেল ব্যবহার করলে তা ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে দিতে পারবে। তবে মেলিটিন জেল মেশানোর আগে প্রতিস্থাপন করা হয় ন্যানোপার্টিকলে। প্রাথমিকভাবে ন্যানোপার্টিকলগুলো ডিজাইন করা হয়েছিলো রোগীর শরীরে ওষুধ পরিবহনের জন্য। জেলটির কার্যক্ষমতা ঠিক রাখতে ন্যানোাটর্কিলের ডিজাইনেও পরিবর্তন আনেন বিজ্ঞানীরা।

বর্তমানে এইচআইভি প্রতিরোধে যে ওষুধগুলো রয়েছে, তা ভাইরাস ধ্বংস করে না; কেবল এদের প্রজনন প্রক্রিয়া ঠেকিয়ে দেয়। ফলে ওই পদ্ধতিতে মূল ভাইরাসগুলো থেকেই যায়। কিন্তু মেলিটিন জেল এইডস ভাইরাসগুলোকে পুরোপুরি ধ্বংস করে সংক্রমণ ঠেকায়। সোজা কথায়, অন্যান্য ওষুধের তুলনায় বেশি কার্যকর এটি।

মেলিটিন যে ন্যানোপার্টিকলগুলোতে প্রতিস্থাপন করা হয়, তাতে রয়েছে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে দেহের সুস্থ কোষ ধ্বংস না করে কেবল এইডস ভাইরাসগুলোকেই আক্রমণ করে মেলিটিন। এর ফলে কোন এইডস আক্রান্ত দম্পতি যদি জেলটি ব্যবহার করেন, তবে এইডস ছড়াবে না শিশুর শরীরে।