বিনামূল্যে অ্যাংরি বার্ডসের প্রথম ভার্সন
স্মার্টফোনের তুমুল জনপ্রিয় গেইম অ্যাংরি বার্ডসের প্রথম ভার্সনটি এখন আইটিউনসে পাওয়া যাবে বিনামূল্যেই প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, আইটিউনস অ্যাপ স্টোরে গেইমটির চাহিদা কমতে থাকায় গেইমটির প্রথম ভার্সনটি বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দিয়ে বর্তমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে গেইমটির নির্মাতা রোভিও।
সাম্প্রতিক সময়ে আইটিউনস অ্যাপ স্টোরে জনপ্রিয়তা এবং চাহিদা কমে এসেছে অ্যাংরি বার্ডসের। দীর্ঘদিনের জনপ্রিয়তা হঠাৎ করে কমতে থাকায় নড়েচড়ে বসেছে গেইমটির নির্মাতা ফিনল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটি। গেইমারদের মনোযোগ আবারো অ্যাংরি বার্ডসের ওপর নিয়ে আসতে গেইমটির প্রথম ভার্সনটি বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ করে দিচ্ছে রোভিও।
অ্যাংরি বার্ডস অ্যাপগুলো ০.৯৯ ডলারে বিক্রি করছিলো রোভিও। আর আইপ্যাডে গেইমটি খেলার জন্য গ্রাহককে খরচ করতে হতো ২.৯৯ ডলার। অ্যাংরি বার্ডসের প্রথম ভার্সনটি এখন বিনামূল্যে পাওয়া গেলেও অন্য ভার্সনগুলো কিনেই খেলেতে হবে গ্রাহককে।
