২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ব্যবহারে জনপ্রিয়তা বেশি ট্যাবলেটের

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে স্মার্টফোনের তুলনায় জনপ্রিয়তা বেশি ট্যাবলেট কম্পিউটারের। অ্যাডোবি ডিজিটাল ইনডেক্স (এডিআই)-এর এক সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে স্মার্টফোনের তুলনায় ট্যাবলেটের এই বেশি জনপ্রিয়তার খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকট্রি।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এক হাজারেরও বেশি ওয়েবসাইটের ১০ হাজার কোটি ভিজিট বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে এডিআই। এডিআইয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ট্যাবলেটের তুলনায় এগিয়ে ছিলো স্মার্টফোন। তবে সাম্প্রতিক সময়েই স্মার্টফোনকে টপকে এগিয়ে গেছে ট্যাবলেট। শীর্ষস্থানটি অবশ্য এখনও দখলে রেখেছে পার্সোনাল কম্পিউটার (পিসি)। শতকরা ৮৪ শতাংশ ব্যবহারকারী ইন্টারনেটে কাজ করেন তার পিসিটি থেকেই।

প্রায় এক দশক ধরে বাজারে স্মার্টফোনের উপস্থিতি থাকলেও ট্যাবলেটের কম্পিউটার সে তুলনায় বাজারে নতুনই বলা চলে। অল্প সময়েই ট্যাবলেটের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এর ব্যবহার বাড়ার একাধিক কারণ চিহ্নিত করেছে এডিআই।

এডিআইয়ের দেয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনের তুলনায় ট্যাবলেটের স্ক্রিন বড় হওয়ায় ট্যাবলেট থেকেই ইন্টারনেটে প্রবেশ করতে স্বাচ্ছ্যন্দবোধ করেন ব্যবহারকারীরা। এছাড়াও বাজারের স্মার্টফোনগুলোর সঙ্গে তুলনা করলে ট্যাবলেট কম্পিউটারের দাম কমই বলতে হবে। এর বড় কারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সহজলভ্যতা। এছাড়াও তুলনামূলক ভালো হার্ডওয়্যার এবং বড় স্ক্রিনের কারণে ব্যবহারকারীদের পছন্দ এখন ট্যাবলেট কম্পিউটার।

এডিআই-এর প্রতিবেদনে নির্দিষ্ট করে কোন দেশের ব্যাপারে তথ্য নেই। তবে গত এক বছরে বিশ্বের সবগুলো দেশেই ট্যাবলেটের ব্যবহার গড়ে দ্বিগুণ হয়েছে বলেই জানানো হয়েছে এডিআইয়ের ওই প্রতিবেদনে।