২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ওএসের কম্পিউটার ‘আসুস ট্রান্সফরমার আইও’

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস নিয়ে এসেছে নতুন ‘অল-ইন-ওয়ান’ কম্পিউটার ট্রান্সফরমার আইও। কম্পিউটারটির সবচেয়ে উল্লেখ্যযোগ্য ফিচার হচ্ছে দু’টি অপারেটিং সিস্টেম (ওএস)। একই সঙ্গে অ্যান্ড্রয়েড ৪.১ এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে চলবে ট্রান্সফরমার আইও। ডেস্কটপ কম্পিউটার আর ট্যাবলেট দু’ভাবেই ব্যবহার করা যাবে এটি। আসুসের নতুন এই অল-ইন-ওয়ান কম্পিউটারের বিস্তারিত জানিয়েছে এবিসি নিউজ।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

ডেস্কটপ-ট্যাবলেট দু’ভাবেই ব্যবহারের উপযোগী ট্রান্সফরমার আইওতে রয়েছে ১৮.৪ ইঞ্চি টাচ স্ক্রিন। ডেস্কটপ হিসেবে ব্যবহারের জন্য এতে রয়েছে বিশেষ ডকিং স্টেশন। আর ডকিং স্টেশন থেকে সংযোগ বিচ্ছিন্ন করে হাতে নিলেই কম্পিউটারটি হয়ে যাবে দানবাকৃতির এক ট্যাবলেট।

ডকিং স্টেশনে রাখা অবস্থায় উইন্ডোজ ৮ আর অ্যান্ড্রয়েড ৪.১ দু’টি ওএসেই চালানো যাবে ট্রান্সফরমার আই। স্ক্রিনের পাশের একটি বাটন চেপেই বদলে নেয়া যাবে ইন্টারফেস। তবে ট্যাবলেট হিসেবে ব্যবহারের সময় উইন্ডোজ ৮-এ কাজ করতে চাইলে ওএসটি স্ট্রিম করতে হবে ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে। তবে অ্যান্ড্রয়েড ওএসে ট্যাবলেটটি চলবে অন্য যেকোন ট্যাবলেটের মতোই।

সহজে বহন এবং ব্যবহারের জন্য ট্যাবলেট/মনিটরটির রয়েছে ফ্লিপ আউট হ্যান্ডেল এবং কিকস্ট্যান্ড, যার ওজন ৫.৩ পাউন্ড। পিসি ডকিং স্টেশনে রয়েছে তৃতীয় প্রজন্মের ইনটেল কোর আইফাইভ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ১ টেরাবাইট হার্ডডিস্ক। আর ট্যাবলেট/মনিটরটি চলবে এনভিডিয়া টেগরা থ্রি কোয়াড-কোর প্রসেসরে। আরো আছে ৫ জিবি র‌্যাম এবং ৩২ জিবি মেমোরি।

ইউএসবি টু এবং ইউএসবি থ্রি স্লটের দুটোই আছে ট্রান্সফরমার আইওতে। আরো আছে থ্রি-ইন-ওয়ান মোমেরি স্লট, মাইক্রোএসডি স্লট এবং ডিভিডি ড্রাইভ। ট্যাবলেট হিসেবে ব্যবহারের সময় ব্যাটারি ব্যাকআপ দেবে পাঁচ ঘণ্টা। ভিডিও চ্যাটের জন্য ট্রান্সফরমার আইওতে রয়েছে ১ মেগাপিক্সেল সম্মুখ ক্যামেরা।

ওয়ারলেস কিবোর্ড এবং মাউসসহ প্যাকেজ হিসেবে পুরো কম্পিউটারটির দাম হবে ১২৯৯ ডলার।