২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিঞ্জারব্রেডকে টপকে শীর্ষে অ্যান্ড্রয়েড ফোর

অবশেষে জিঞ্জারব্রেডকে টপকে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) এখন আইসক্রিম স্যান্ডউইচ ও জেলি বিন। ম্যাশএবল জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সনের মধ্যে এতোদিন অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও, সম্প্রতি জিঞ্জারব্রেডকে টপকে শীর্ষস্থানটি দখল করে নিয়েছে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ এবং অ্যান্ড্রয়েড ৪.১/৪.২ জেলি বিন।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্মাতা গুগলের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শতকরা ৪৫.১ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাদের ডিভাইসটি চালাচ্ছেন আইসক্রিম স্যান্ডউইচ এবং জেলি বিন অপারেটিং সিস্টেম। তবে খুব বেশি পিছিয়ে নেই জিঞ্জারব্রেড। ৪৪.২ শতাংশ ব্যবহারকারী তাদের ডিভাইসটি চালাচ্ছেন জিঞ্জারব্রেড ওএস দিয়ে।

অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সনগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় জিঞ্জারব্রেড। এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত শীর্ষে ছিলো এটি। ৪৭.৬ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ভরসা ছিলো জিঞ্জারব্রেড। ২০১২ সালের জিঞ্জারব্রেড ব্যবহারকারীর সংখ্যা ছিলো আরো বেশি। অক্টোবর মাসে এর পরিমাণ ছিলো ৫৫.৮ শতাংশ।

তবে জানুয়ারি মাসেই ওই প্রতিবেদনে জানানো হয়েছিলো ৩৯.৩ শতাংশ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৪ এবং পরের ভার্সনগুলো ব্যবহার করে এবং খুব দ্রুত বাড়ছিলো আইসক্রিম স্যান্ডউইচ এবং জেলি বিন ব্যবহারকারীর সংখ্যা।