জন্মদিনে ল্যাম্বরগিনি আনলো নতুন গতিদানব ‘ভিনেনো’
মালিকানা হস্তান্তর হয়ে ফোক্সভাগেনের অধীনে চলে গেলেও ভক্তদের কিভাবে চমকে দিতে হয় তা ভুলে যায়নি ইতালিয় সুপারকার নির্মাতা ল্যাম্বরগিনি। ফক্সনিউজ জানিয়েছে, ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ল্যাম্বরগিনি এনেছে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে ক্ষ্যাপাটে আর দ্রুতগতির গাড়ি ‘ভিনেনো’। তবে বিক্রি হবে সাকুল্যে ৩টি।
ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর কুপ মডেলটির ওপর ভিত্তি করেই ডিজাইন করা হয়েছে ভিনেনো। আর চেসিস বানানো হয়েছে কার্বন ফাইবার দিয়ে। গাড়িটি দেখলে মনে হয় যেন রেস কোর্স থেকে পথ ভুলে রাজপথে চলে এসেছে কোনো রেসিং দানব। দ্রুত গতিতে বাঁক নেবার সময় গাড়ির নিয়ন্ত্রনটা যেন ঠিক থাকে সে জন্য রয়েছে ‘শার্ক ফিন স্ট্যাবিলাইজার’ এবং ‘অ্যাডজাস্টেবল উইং’।
ভিনেনোতে রয়েছে একাধিক ভেন্ট এবং কুলিং ডাক্ট, যা গাড়িটির অ্যারোডাইনামিক পারফরমেন্স নিশ্চিত করে আর ঠা-া রাখে ৭৫০ হর্সপাওয়ারের ভি-১২ ইঞ্জিন। ভিনেনোর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২২১ মাইল। রাজপথে চলার অনুমতিও পেয়ে গেছে এই গতিদানব।
ইতালিয় পতাকার তিনটি রঙের সঙ্গে মিল রেখে সবুজ, সাদা এবং লাল এই তিন রঙের তিনটি ভিনেনো বিক্রি করবে ল্যাম্বরগিনি। ট্যাক্স বাদে প্রতিটি ভিনেনোর দাম হবে ৩৯ লাখ ডলার। ইতোমধ্যেই ক্রেতাও জুটে গেছে ওই ভিনেনো তিনটির।
