এ বছরেই আসছে অ্যাপলের ‘আই ওয়াচ’
আপনি কি অ্যাপলের সম্ভাব্য পণ্য ‘আই ওয়াচ’ এই বছরের মধ্যেই হাতে পাচ্ছেন? এর উত্তরে ব্লুমবার্গ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাঁ, সে সম্ভাবনা সত্যি হতে যাচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সাইট দি ভার্জ নিশ্চিত করেছে, অ্যাপলের ডিজাইন গুরু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি আইভ এই ‘ঘড়ির’ জন্য ১০০ জনের একটি দল নিয়ে কাজ করছেন।
দি ভার্জ আরো জানিয়েছে, অ্যাপলের লোকজন এই ঘড়িটির ব্যাটারির উন্নয়নের জন্য যথেষ্ট মনোযোগ দিচ্ছেন। অ্যাপলের ইঞ্জিনিয়াররা এমন একটি ব্যাটারি বানাতে চাইছেন, যাতে ঘড়িটিকে চার-পাঁচ দিন চার্জ ছাড়াই ব্যবহার করা যায়।
বরাবরের মতো অ্যাপল সম্ভাব্য এই পণ্যটি নিয়ে চুপ করে আছে। অবশ্য সিইও টিম কুক বার্ষিক শেয়ারহোল্ডার সভায় বলেছেন, ‘আমরা নতুন কোনো পণ্য সম্পর্কে মুখে না বললেও অবশ্যই আমরা নতুন প্রযুক্তি খুঁজব’।
