নতুন গেইমে গ্ল্যামারহীন লারা ক্রফট
তিন বছর বিরতির পর গেইমিং কনসোলে ফিরেছে ‘টুম্ব রেইডার’-এর জনপ্রিয় গেইমিং চরিত্র লারা ক্রফট। তবে গেইমটিতে পুরনো সঙ্গে নাকি কোন মিলই নেই নতুন লারার। রয়টার্স জানিয়েছে, টুম্ব রেইডার সিরিজের নতুন গেইমটিতে নেই জনপ্রিয় লারার পুরনো অনেক বৈশিষ্ট্যই।
টুম্ব রেইডার সিরিজের পুরনো গেইমগুলো বা সিনেমার লারা ক্রফটের সঙ্গে কোনো মিলই নেই নতুন লারা ক্রফটের। নতুন গেইমটির জন্য গল্প লিখেছেন টেরি প্রিচেট। একসময় ভিডিও গেইমস নিয়ে নিয়মিত সংবাদ মাধ্যমে লিখতেন প্রিচেট।
নতুন গেইমটিতে লারার নেই অত্যাধুনিক গ্যাজেট, নেই আবেদনময়ী দেহাবয়ব। বরং আনাড়ি প্রতœতাত্ত্বিক লারার চরিত্রেই গেইমটি খেলতে হবে গেইমারকে।
গেইমে লারার চরিত্রটি এককথায় বলতে গেলে ভীতু এক প্রতœতত্ত্ববিদের, যে কিনা অনিশ্চয়তায় ভোগে প্রতিটি পদক্ষেপ নিয়েই। গল্পের পটভূমি গড়ে উঠেছে একটি দ্বীপকে কেন্দ্র করে। জাহাজডুবি হয়ে দ্বীপটিতে পৌঁছায় লারা এবং তার সহকর্মীদের দল। দ্বীপটিতে পৌঁছেই রহস্যময় স্থানীয় বাসিন্দাদের আক্রমণের শিকার হয় তারা। এক পর্যায়ে দলছুট হয়ে পড়া লারা লড়াই করতে থাকে জীবন বাঁচাতে।
তবে গেইমার লারার চরিত্রে যতোটাই অগ্রসর হবেন, পরিবর্তন আসবে লারার চরিত্রে। কয়েকটি রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে উন্মোচিত হবে চিরচেনা লারার দুর্দান্ত চরিত্র। এ কারণেই গেইমটিকে রেটিং করা হয়েছে ১৭ বছরের বেশি বয়সি গেইমারদের জন্য।
