২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাতাসেই লেখা যাবে ইমেইল!

স্মার্টফোনের টাচস্ক্রিনে নিয়মিত টেক্সট আর ইমেইল লেখেন যারা, কাজটি যে কতোটা ঝক্কি ঝামেলার, তা আর নতুন করে কিছু বলার নেই। টাচস্ক্রিনে টেক্সট আর ইমেইল লেখার বিড়ম্বনা এড়ানোর জন্য একদল জার্মান গবেষক বানিয়েছেন ‘এয়ার-রাইটিং’ গ্লাভস, যা দিয়ে শূন্যেই লেখা যাবে মনের কথা!

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

এয়ার-রাইটিং গ্লাভসটি বানিয়েছেন জার্মানির কার্লসরুহি ইন্সটিটিউট অফ টেকনোলজির কম্পিউটার সায়েন্টিস্ট ক্রিস্টোফার অ্যামা এবং তার সহকর্মীরা। গ্লাভসটিতে রয়েছে অ্যাকসেলেরোমিটার এবং জাইরোস্কোপ, যা হাতের নড়াচড়ার ওপর ভিত্তি করে ব্যবহারকারী বাতাসে কোন অক্ষরটি লিখছেন তা চিহ্নিত করবে এবং অক্ষরটিকে ডিজিটাল টেক্সটে রূপ দেবে।

কোনো রকম তারের সংযোগ ছাড়াই টেক্সটগুলো চলে যাবে স্মার্টফোনে। গ্লাভসটি বিভিন্ন অক্ষর চিহ্নিত করতে প্যাটার্ন রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে। প্রায় ৮,০০০ শব্দ চিহ্নিত করার ক্ষমতা রয়েছে এর। গ্লাভসটি হাতে পরে শূন্যে পুরো একটি বাক্য লিখলে সেই বাক্যটিকেও ঠিকঠাক চিহ্নিত করতে পারে গ্লাভসের সফটওয়্যারটি।

এয়ার-রাইটিং গ্লাভসের উল্লেখযোগ্য নেতিবাচক দিক একটাই, সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হতে হবে। ক্রিস্টোফার অবশ্য তার ডিভাইসটি আরো কার্যকরভাবে ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে কাজ করছেন। আপাতত তার লক্ষ্য, ডিভাইসটির সেন্সরগুলোকে আরো ছোট করে আনা, যাতে পুরো একটি গ্লাভসের বদলে কব্জির বন্ধনী দিয়েই শূন্যে লেখা যাবে।