আসছে ই-ইংক স্ক্রিনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন
সম্প্রতি ই-ইংক প্রযুক্তির রঙিন স্ক্রিন সমৃদ্ধ অ্যান্ড্রয়েড স্মার্টফোন দেখিয়েছে রাশান পযুক্তিপণ্য নির্মাতা ইয়োটা। এতে রোদের আলোতে বই পড়ার মতোই স্মার্টফোনে পড়া যাবে বই। ফলে চোখের ওপর বাড়তি চাপও পড়বে না বলে জানিয়েছে লাইভসায়েন্স ডটকম।
মোবাইল ফোনে বিভিন্ন অপারেটিং সিস্টেম প্রযুক্তিপ্রেমিদের চমক দেখালেও ডিজিটাল ভার্সনের বই পড়তে ই-ইংকযুক্ত কিন্ডল বা নুকই ছিলো পাঠকদের একমাত্র ভরসা। সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফুল এইচডি কালার ই-ইংক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইস প্রদর্শন করা হয়। এতে মোবাইল ফোনে ই-ইংক পর্দা থাকছে। ই-ইংক জিরো পাওয়ার হওয়ায় স্ক্রিনটি খুবই কম বিদ্যুৎ খরচ করে। ফলে এটি ব্যবহারে সপ্তাহ ধরে ব্যাটারিটি সচল থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা।
ডেমো ডিভাইসটি উন্নয়ন করেছেন এআরএমডিভাইসেস ডটনেট-এর দায়িত্বে থাকা নিকোলাস কার্বোনিয়ার। তিনি জানান, ডিভাইসটির ডিজাইন করতে প্রায় এক সপ্তাহ লেগেছে। এটি তৈরিতে খরচ পড়বে ১৫০ ইউরো। প্রদর্শিত ডিভাইসটিতে স্মার্টফোনের সবগুলো অপশন ও চাইনিজ ভাষার কয়েকটি বই থাকার কথা প্রতিবেদনে জানানো হয়েছে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে ই-ইংক যুক্ত করায় নতুন পণ্যটি বাজারে সাফল্য পাবে বলে ধারণা নির্মাতাদের। তবে ডিভাইসটি কারা বাজারে নিয়ে আসবেন সে ব্যাপারে তথ্য জানানো হয়নি।
