২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলো জ্বালাবে ফুটবল!

ফুটবল প্রেমিদের জন্য সুখবরই বটে। মাঠের খেলার ফুটবলটি এখন সঙ্গ দিতে পারে রাতের অন্ধকারেও। যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক চার শিক্ষার্থী মিলে বানিয়েছেন ‘সকেট’ নামের এমন এক ফুটবল, যা দিয়ে সাধারণ ফুঠবলের মতো খেলা তো যাবেই, ব্যবহার করা যাবে বিছানার পাশে রাখার ল্যাম্প হিসেবেও।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 06:01 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

এমনিতে সকেট একটি পুরোদস্তুর ফুটবল। মাঠে নিয়ে যেমন ইচ্ছে লাথি মেরে খেলা যাবে এটি দিয়ে। কিন্তু এর ভেতরে রয়েছে কয়েকটি পেন্ডুলাম। বলটি যখনই মাঠে বাউন্স করে, তখনই নড়ে ওঠে পেন্ডুলামগুলো। এর ফলে সৃষ্ট বিদ্যুৎশক্তি জমা হয় বলটির ভেতরের ব্যাটারিতে। মাঠে বলটি নিয়ে ৩০ মিনিট খেললে যতোটা বিদ্যুৎ শক্তি জমা হবে, তা দিয়ে ছোট আকৃতির এলইডি বাতি জ্বালানো যাবে প্রায় তিন ঘণ্টা।

এলইডি বাতির সঙ্গে সংযোগ দেবার জন্য রয়েছে একটি লুকানো পাওয়ার সকেট। কেবল এলইডি বাতিই ব্যবহার করা যাবে সকেটের সঙ্গে। আর বলটি ফুলানোর জন্য বাতাসের কোন প্রয়োজন নেই, নেই ফুটো হয়ে যাবার ভয়ও। ফলে সাধারণ ফুটবলের চেয়েও বেশি দিন টিকবে এটি।

‘সকেট’ ফুটবলটি বানানো হয়েছিলো ২০১০ সালেই, বানিয়েছিলেন সে সময়ে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসিকা ম্যাথিউস, জুলিয়া সিলভারম্যান, জেসিকা লিন এবং হেমালি থাকার। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সকেট-কে একটি প্রতিষ্ঠানিক পণ্য হিসেবে পরিচয় করিয়ে দিতে মাঠে নামেন ম্যাথিউস ও সিলভারম্যান। খুলে বসেন আনচার্টেড প্লে নামের একটি প্রতিষ্ঠান যার প্রধান পণ্যই হলো সকেট।

এখনও বিদ্যুৎ শক্তির ব্যবহারের সুযোগ পাচ্ছেন না, বিশ্বের এমন সব অনুন্নত এবং উন্নয়নশীল দেশের মানুষদের বিদ্যুৎ শক্তির চাহিদা সকেট ব্যবহার করে আংশিকভাবে হলেও মেটানো সম্ভব- এমন একটা চিন্তা থেকেই কাজ করছেন এই গবেষকরা।