এইচআইভি থেকে মুক্তি মিললো দু’বছরের শিশুর
প্রাণঘাতি এইডস রোগের ভাইরাস এইচআইভি সংক্রমণ থেকে মুক্তি মিললো দু’বছরের শিশুর। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এইচআইভিতে আক্রান্ত শিশুটিকে কার্যকরভাবে সারিয়ে তোলার দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপির চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা শুরুর এক মাসের মাথায় শিশুটির প্রতি এক মিলিমিটার রক্তে এইডস ভাইরাসের সংখ্যা কমে ৫০টি কপিরও নিচে নেমে আসে। আর ১৮ মাস বয়সে করা রক্ত পরীক্ষায় চিহ্নিত করার মতো ভাইরাসের উপস্থিতিই ছিলো না। প্রতি মিলিমিটার রক্তে ভাইরাসের ২০টিরও কম কপি থাকলে এইচআইভি চিহ্নিত করা যায় না।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ-এর দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির রক্তে চিহ্নিত করার মতো এইচআইভি ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাননি চিকিৎকরা। এইচআইভি থেকে শিশুটির মুক্তি পাবার কারণ হিসেবে অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপির কথাই বলছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে ড. অ্যান্থনি এস ফুচি বলেছেন, ‘মায়ের শরীর থেকে শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ ঠেকানোর মতো প্রযুক্তি আমাদের হাতে থাকলেও এখনো অনেক সদ্য জন্ম নেয়া শিশুর শরীরে এইচআইভির সংক্রমণ ঘটছে। কিন্তু এই শিশুটির ক্ষেত্রে যে ফলাফল এসেছে, তা অন্য শিশুদের এইচআইভি সংক্রমণ ঠেকাতে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’
এ পর্যন্ত এইচআইভির অভিশাপ থেকে মুক্তি পাওয়া দ্বিতীয় মানব সন্তান এই শিশুটি। প্রথম জন ছিলেন টিমোথি ব্রাউন, ২০০৭ সালে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে এইচআইভি থেকে আরোগ্য লাভ করেছিলেন তিনি।
