সব ব্যবহারকারীর পাসওয়ার্ড বদলে দিল এভারনোট
হ্যাকারদের সন্দেহজনক কর্যক্রম টের পেয়ে সব ব্যবহারকারীর পাসওয়ার্ড একযোগে বদলে দিলো অনলাইনে নোট রাখার ওয়েবসাইট এভারনোট।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, হ্যাকিংয়ের ওই ঘটনায় এভারনোট ব্যবহারকারীদের কোনো তথ্য-উপাত্ত ক্ষতিগ্রস্থ হয়নি। তবে, হ্যাকাররা ব্যবহারকরীর ইউজার নেম, পাসওয়ার্ড, ই-মেইল অ্যাড্রেস-এর মতো বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে।
পাসওয়ার্ড পাল্টে দিলেও এভারনোট ব্যবহারকারীরা এখনও ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।
এখন ব্যবহারকরীরা অ্যাকাউন্টে সাইন ইন করার পরপরই পাসওয়ার্ড পাল্টে নেয়ার একটি অপশন পাবেন। এটি এভারনোটের সব অ্যাপ্লিকেশনেই আপডেটেড হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিভাগ ২৮ ফেব্রুয়ারি প্রথম তাদের সাইটে অস্বাভাবিক কার্যাবলী টের পায়।
মাইক্রোসফট, অ্যাপল, ফেইসবুক, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষস্থানীয় তথ্য, প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাকিংয়ের তালিকায় এভারনোটের নামটি সর্বশেষ সংযোজন বলে মন্তব্য করেছে ম্যাশএবল।
