২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসাসিনস ক্রিড ফোরের ট্রেইলার ফাঁস

ফাঁস হয়েছে জনপ্রিয় অ্যাকশন গেইম সিরিজ অ্যাসাসিনস ক্রিডের নতুন পর্ব ‘অ্যাসাসিনস ক্রিড ফোর: ব্ল্যাক ফ্ল্যাগ’-এর ট্রেইলার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ট্রেইলারটির সঙ্গে ফাঁস হয়ে গেছে গেইমটি মুক্তির দিনটিও।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 01:16 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

‘অ্যাসাসিনস ক্রিড ফোর: ব্ল্যাক ফ্ল্যাগ’-এর নতুন ট্রেইলারটি বিশ্বব্যাপী মুক্তি পাবার কথা ছিলো সোমবার। কিন্তু শনিবারেই ফাঁস হয়ে যায় ট্রেইলারটি। ট্রেইলারের তথ্য অনুযায়ী, এ বছরের ২৯ অক্টোবর বাজারে আসবে গেইমটি। আর প্লেস্টেশন ফোরের মতো নতুন প্রজন্মের গেইমিং কনসোলেও খেলা যাবে গেইমটি।

ট্রেইলারে মূল গেইমের কোনো ফুটেজ না থাকলেও রয়েছে গেইমটির মূল চরিত্র ক্যাপ্টেন এডওয়ার্ড কেনওয়ে। ট্রেইলার অনুযায়ী, কেনওয়ের চরিত্রে জলদস্যুদের জাহাজে চড়ে একজন গুপ্তঘাতক হিসেবেই গেইমটি খেলতে হবে গেইমারকে।

ম্যাশএবলের তথ্য অনুযায়ী, প্রথম গেইমসরেডারের ইউটিউব চ্যানেলে ফাঁস হয় ট্রেইলারটি। যদিও পরে সরিয়ে ফেলা হয় ট্রেইলারটি তবে গেইমসরেডারের চ্যানেল থেকে সরিয়ে ফেলার আগেই অন্যান্য চ্যানেলে ছড়িয়ে পড়ে ভিডিওটি।