২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ এপ্রিল মোবাইল ফোন, টেলিকম ও আইসিটি মেলা

বিপুল সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারী ও আইটি প্রযুক্তি সংশ্লিষ্ট মানুষের কথা মাথায় রেখে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপি ‘৫ম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফোন, টেলিকম ও আইসিটি ফেয়ার-২০১৩’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, ২৩ থেকে ২৭ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 03:13 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী এসোসিয়েশন (বিএমবিএ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সহযোগিতায় এই মেলা হবে।

মেলার বিস্তারিত দিক তুলে ধরতে ২ মার্চ শনিবার এফবিসিসিআই এর সেমিনার হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিএমবিএ এর সভাপতি ও মেলার আহবায়ক ইঞ্জি. মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালযের সহকারি সচিব (আইসিটি) মাহবুব হাসান শাহীন, বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ, এফবিসিসিআই এর সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, আইএসপি এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু, বিএমবিএ’র সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান সহ বিএমবিএর নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও মোবাইল ফোন, টেলিকম ও আইসিটি সেক্টরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, আন্তর্জাতিক এই মোবাইল ফোন, টেলিকম ও আইসিটি মেলায় মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার, হ্যান্ডসেট ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স, কনটেন্ট প্রোভাইডার, হ্যান্ডসেট এক্সেসরিজ ইমপোর্টার ও ম্যানুফ্যাকচারার, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, আইএসপি/ভাস প্রোভাইডার, অনলাইন ব্যাংকিং, ওয়াইম্যাক্স, এম কমার্স সার্ভিস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কম্পিউটার-ল্যাপটপ ম্যানুফ্যাকচারার্স ও ইমপোর্টার, ফিন্যান্স/ইনস্যুরেন্স কোম্পানিসহ এ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ অংশ নেবে।

মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবায় বিশেষ অফার ঘোষণা করবে। এই মেলার মাধ্যমে নতুন নতুন পণ্য ও সেবার সর্বশেষ প্রযুক্তি প্রদর্শিত হবে। মেলা প্রাঙ্গনে বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।