২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙা হাড় জোড়া দেবে প্লাস্টিক!

ভাঙা হাড় জোড়া দিতে পারে নতুন ধরনের এক প্লাস্টিক। ম্যাশএবল জানিয়েছে, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের বিজ্ঞানীরা বানিয়েছেন তিন ধরনের প্লাস্টিকের এক মিশ্রণ, যা নিজে থেকে সেরে উঠতে অক্ষম ভাঙা হাড় জোড়া দিতে পারে।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 12:52 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

হাড়ের ভাঙা অংশের ওপর আবরণের মতো করে ব্যবহার করা হয় প্লাস্টিকের মিশ্রণটি। ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের বিজ্ঞানী রিচার্ড ওরেফো বলেন, ‘প্লাস্টিকের মিশ্রণটির গঠন অনেকটাই মৌচাকের মতো। জীবন্ত কোষগুলো এর ওপর যেমন অবস্থান নিতে পারে, তেমন রক্তকণিকাগুলো একে ভেদ করতে পারে।’

এর মধ্যেই গবেষণাগারে ইদুরের ওপর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। নিজেই সেরে ওঠার সম্ভাবনা ছিলো না, হাড়ের এমন ভাঙা অংশে প্লাস্টিকের আবরণটি ব্যবহার করেন বিজ্ঞানীরা। এরপর চার থেকে আট সপ্তাহের মধ্যে সেরে ওঠে ভাঙা হাড়গুলো।

মানুষের ক্ষেত্রেও একই রকম কাজ করতে পারবে প্লাস্টিকের মিশ্রণটি। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত ব্যক্তিদের ভাঙা হাড় জোড়া দিতে এই প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে বলেই জানিয়েছেন ওরেফো।