২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে স্বচ্ছ ত্রিমাত্রিক ডেস্কটপ কম্পিউটারের যুগ

লস এঞ্জেলসে চলমান টিইডি সম্মেলনে বিজ্ঞানীরা দেখিয়েছেন অভিনব এক স্বচ্ছ ত্রিমাত্রিক ডেস্কটপ কম্পিউটার ‘স্পেসটপ থ্রি-ডি’, যাতে ব্যবহারকারী চাইলেই হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন ডিজিটাল সামগ্রীগুলো। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে হাত মিলিয়ে কম্পিউটারটি বানিয়েছেন টিইডি কর্মী জিনহা লি।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 06:50 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লি জানিয়েছেন, একজন মানুষ যে কোন কঠিন বস্তু ব্যবহার করার সময় যেভাবে অনুভব করেন, ঠিক সেভাবেই কাজ করা যাবে স্পেসটপ থ্রি-ডি কম্পিউটারে। কম্পিউটার ব্যবহার আরো সহজ ও সক্রিয় করে দেবে এই প্রযুক্তি।

এক দশকের মধ্যে কম্পিউটারটি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা করছেন লি। কম্পিউটারটির রয়েছে একটি স্বচ্ছ থ্রি-ডি ডিসপ্লে। ব্যবহারকারীর হাত এবং চোখের নড়াচড়া অনুসরণ করার জন্য রয়েছে একাধিক বিল্ট-ইন ক্যামেরা।

মানুষের কোনো কিছু স্পর্শ করে অনুভব করবার ক্ষমতা যদি ডিজিটাল দুনিয়াতেও ব্যবহার করা যায়, তবে তা কম্পিউটারের ব্যবহার অনেক সহজ করে দেবে।

লি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে আরো বলেন, ‘ধরুন আপনি একটি ডকুমেন্ট নিয়ে কাজ করছেন। প্রয়োজনে ডকুমেন্টটি নিজের হাতে তুলে নিয়ে বইয়ের মতোই পাতা উল্টে পড়তে পারবেন আপনি।’

আরো জটিল কাজের জন্য রয়েছে একটি টাচপ্যাড। উদাহরণ হিসেবে বলা যায়, একজন প্রকৌশলীর কথা। টাচ-প্যাডটি ব্যবহার করে ইচ্ছেমতো থ্রি-ডি ডিজাইনে পরিবর্তন আনতে পারবেন তিনি।

লি এ ব্যাপারে বলেন, ‘একজন ডিজাইনারের কল্পনা এবং একটি কম্পিউটারের সেই কল্পনাকে বাস্তবে রুপ দেবার ক্ষমতার মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। যদি কম্পিউটারের ডিজিটাল কন্টেন্টগুলোকে ছুঁয়ে ইচ্ছেমতো পরিবর্তন আনা যায়, তবে কল্পনার নকশাটি বাস্তবে নিয়ে আসা অনেক সহজ হয়ে উঠবে।’