যুক্তরাষ্ট্রে পাইরেসি প্রতিরোধে নামলো ইন্টারনেট সেবাদাতারা
যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের মাধ্যমে মেধাস্বত্ব আইন লঙ্ঘন প্রতিরোধে নেয়া এক উদ্যোগে শীর্ষ পাঁচটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) মাঠে নেমেছে। বিবিসি জানায়, এই সিস্টেমের আওতায় সন্দেহভাজন ব্যবহারকারীদের ছয়বার সতর্ক করা হবে। তারপর তাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা না হলেও সীমিত করে দেয়া হবে।
প্রকল্পটি গতবছর হাতে নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আয়োজকরা পিছিয়ে যান। সেন্টার ফর কপিরাইট ইনফরমেশন (সিসিআই)-এর সঙ্গে একত্রিত হয়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ভ্যারাইজন, টাইম ওয়ার্নার, ক্যাবলভিশন, কমক্যাস্ট এবং এটিঅ্যান্ডটি এই উদ্যোগ গ্রহণ করেছে।
সিসিআই-এর নির্বাহী পরিচালক জিল লেসার জানান, কয়েকদিনের মধ্যেই তারা আইএসপিগুলোকে তথ্য পাঠানো শুরু করবে। এরপর আইএসপিগুলো ব্যবহারকারীদের সতর্কবাণী পাঠাবে। তবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি যে, যারা এই সতর্কবাণী অগ্রাহ্য করবে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হবে।
ভ্যারাইজন শুরুর দিকে জানিয়েছিলো, অভিযুক্ত ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগের গতি কমিয়ে সেকেন্ডে ২৫৬ কিলোবাইটে নিয়ে আসা হবে। কিন্ত পরে তা সাইট থেকে মুছে ফেলা হয়।
টাইম ওয়ার্নার জানায়, চিহ্নিত ব্যবহারকারীরা সাইটে ঢুকতে গেলে একটি ফোন নাম্বার দেখা যাবে। সেখানে ডায়াল করে সেবা প্রদানকারীদের সঙ্গে কথা বলে তবেই সাইটটিতে ঢুকা যাবে।
