২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ব্লক করে দেয়া হয়েছে বিবিসি রেডিও

চীনে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসির শর্টওয়েভ রেডিওর সম্প্রচার ব্লক করে দিয়েছে দেশটির সরকার। সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণের সঙ্গে চীনের জড়িত থাকার খবর প্রচার করায় বিবিসির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে চীন সরকার।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 05:31 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণের সঙ্গে চীনের সেনাবাহিনীর একটি গোপন সাইবার ইউনিটের জড়িত থাকার তথ্য জানিয়েছিলো আইটি সিকিউরিটি ফার্ম ম্যানডিয়ান্ট। এরপর বিবিসি চীনের কর্মীরা ওই গোপন ইউনিটের ভবনটি বাইরে থেকে ভিডিও করতে গেলে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

চীনে বন্ধ করে দেয়া বা ব্লক করে দেয়া সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বিবিসি তৃতীয়। এর আগে চীনে নিউ ইয়র্ক পোস্ট এবং ব্লুমবার্গের ওয়েবসাইট বন্ধ করে দেয় দেশটির সরকার। চীনা রাজনীতিবিদদের পারিবারিক সম্পদ নিয়ে খবর প্রকাশ করায় সংবাদ মাধ্যম দু’টির ওয়েবসাইট ব্লক করে দেয় চীনা কর্তৃপক্ষ।

এদিকে ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠান আকামাই টেকনোলজিস জানিয়েছে, পুরো বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যে সাইবার আক্রমণ চালানো হয়, তার সিংহভাগেরই সূত্রপাত হয় চীনে। ২০১২ সালের চতুর্থ প্রান্তিকে চীন থেকে সূত্রপাত হয়েছে এমন সাইবার আক্রমণের পরিমাণ বেড়ে তৃতীয় প্রান্তিকের তুলনায় দ্বিগুণ হয়েছিলো।