বাহুবন্ধনী দিয়েই কম্পিউটার নিয়ন্ত্রণ
কানাডার নির্মাতা থালমিক ল্যাবস ‘মাইও’ নামে এক বাহুবন্ধনী তৈরি করেছে, যা দিয়ে হাতের মাংসপেশির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে বিভিন্ন ডিজিটাল যন্ত্র। ম্যাশএবল জানায়, বাহুর মাংসপেশিগুলোর চলাচল এবং গতির দিক অনুসরণ করে এটি হাতের ইশারা অনুযায়ী কাজ করে।
মাইও ব্লুটুথ সংযোগে কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারীর ইন্টারনেট ব্রাউজ করা, ভিডিও গেইম খেলা, অডিও এডিট করাসহ অন্যান্য বহু কাজই করতে পারবেন। থালমিক জানায়, উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করা যাবে। পরে আইওএস এবং অ্যানড্রয়েডের মতো মোবাইল অপারেটিং সিস্টেমেও এটি ব্যবহার করা যাবে বলে আশা করা যায়।
২০১৩ সালের শেষের দিকে বাজারে আসবে ডিভাইসটি। বর্তমানে অনলাইনে এর দাম নির্ধারণ করা হয়েছে ১৪৯ মার্কিন ডলার।
