২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠছে নোবেল পদক

নিলামের বিক্রির পণ্য তালিকায় এবার উঠছে নোবেল পুরস্কার। ১৯৫৩ সালে এক গবেষণা প্রতিবেদনে প্রাণীদেহের বংশগতির বাহক হিসেবে পরিচিত ‘ডিএনএ’র ব্যাখ্যা দিয়েছিলেন ফ্রান্সিস ক্রিক এবং জেমস ডি ওয়টসন। এবিসি নিউজ জানিয়েছে, ক্রিকের নোবেল পদক এবং ডিপ্লোমা সার্টিফিকেটটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 05:31 PM

Updated : 26 Jul 2022, 03:00 PM

১৯৫৩ সালে প্রকাশিত ‘মলিকিউলার স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড: এ স্ট্রাকচার ফর ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড’ শিরোনামের গবেষণা প্রতিবেদনটির জন্য ১৯৬২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন ক্রিক, ওয়াটসন এবং সহ-গবেষক মরিস উইকিনস।

ক্রিকের নোবেল জেতার ৫০ বছর পর নোবেল পদক এবং সার্টিফিকেটটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। নিলামের দায়িত্বে থাকা ‘হেরিটেজ অকশনস’ জানিয়েছে, নিলাম থেকে পাওয়া অর্থের একটি বড় অংশ ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটে বিভিন্ন দূরারোগ্য রোগের নিরাময় আবিষ্কারের গবেষণায় অনুদান দেয়া হবে। ২০১৫ সালে চালু হবার কথা রয়েছে গবেষণা প্রতিষ্ঠানটির।

হেরিটেজ অকশন আরো জানিয়েছে, গত ৭০ বছরের মধ্যে কেবল একটি নোবেল পদক বিক্রির রেকর্ড রয়েছে। সেটিও বিক্রি হয়েছিলো গত বছর সুইডেনে ৪৩ হাজার ডলার দামে। তবে ক্রিকের পদক এবং সার্টিফিকেটের নিলামের ডাক শুরু হবে আড়াই লাখ ডলার থেকে।

মার্চ মাসের ৫ ও ৬ তারিখে লন্ডনে প্রদর্শনী হবে পদকটির। নিলাম হবে ১০ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে।