২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেনে লম্বা করা যাবে ব্যাটারি!

সাম্প্রতিক সময়ে যেন হিড়িক পড়েছে নমনীয় ডিভাইস তৈরির। কিন্তু এই ডিভাইসগুলোতে কার্যকরভাবে চালাতে উপযোগী বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থারও তো প্রয়োজন। বিবিসি জানিয়েছে, নমনীয় ডিভাইসে ব্যবহারের জন্যই ইউনিভার্সিটি অফ ইলিনয়েসের বিজ্ঞানীরা বানিয়েছেন এমন এক নমনীয় ব্যাটারি, যা চাইলে টেনে লম্বাও করা যাবে।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 04:02 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

ব্যাটারিটি তৈরিতে ব্যবহার করা হয়েছে নমনীয় পলিমার। আর পলিমারের পাতে স্থাপন করা হয়েছে ছোট ছোট সৌর কোষ। পলিমারের শিটটিকে চাইলেই টেনে তিন গুণ লম্বা করা সম্ভব। টেনে লম্বা করার পরও কমবে না এর কার্যক্ষমতা। এমনকি তার ছাড়াই চার্জ করা যাবে ব্যাটারিটি।

ব্যাটারিটি বানিয়েছেন ইউনিভার্সিটি অফ ইলিনয়েসের প্রফেসর জন রজার্স এবং তার সহকর্মীরা। ব্যাটারিটির ব্যবহার সম্পর্কে প্রফেসর রজার্স বলেন, ‘মানবদেহের সুস্থতা এবং কার্যক্ষমতার ওপর নজরদারি করতে বাহ্যিকভাবে ব্যবহার করা হয়, এমন ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে ব্যাটারিটি।’ এছাড়াও স্মার্টফোন এবং রোল-আপ মনিটর থেকে শুরু করে শরীরের ভেতরে প্রতিস্থাপন করা হয়, এমন ইলেকট্রনিক যন্ত্রেও ব্যবহার করা যাবে ব্যাটারিটি।

তবে পরীক্ষামূলকভাবে তৈরি ব্যাটারিটির কার্যক্ষমতা মাত্র ২০টি চার্জ/ডিসচার্জ চক্র পর্যন্ত অটুট ছিলো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাই ব্যাটারিটি বাণিজ্যিকভাবে বাজারজাত করার আগে এর আয়ু আরো বাড়ানোর জন্য বিস্তারিত গবেষণা প্রয়োজন বলেই জানিয়েছেন প্রফেসর রজার্স।