মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্যাডফোন আনলো আসুস
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস দেখিয়েছে ‘প্যাডফোন’। চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট ব্যবহারের উপযোগী যন্ত্রটি একই সঙ্গে ট্যাবলেট ডিভাইস ও স্মার্টফোনের কাজ করবে বলে জানিয়েছে টেলিগ্রাফ।
বাস্তবে প্যাডফোন একটি পাঁচ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোন ও এর সঙ্গে সংযুক্ত ১০.১ ইঞ্চি ১০৮০পি রেজুলিউশনের সম্পূর্ণ এইচডি ডিসপ্লে মনিটরের সমন্বয়। স্মার্টফোনটি ডিসপ্লে মনিটরে সংযুক্ত করা হলেই কেবল ১০.১ ইঞ্চি ডিসপ্লে মনিটরটি কাজ করে। কাজ শেষ হলে স্মার্টফোনটি ডিসপ্লে মনিটরটি থেকে আলাদা করে নেয়া যায়।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আসুস জানিয়েছে, স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসে কাজ করতে গিয়ে যেন দু’টি আলাদা ডিভাইস প্রয়োজন না হয়, সেজন্য আমরা প্যাডফোন নিয়ে এসেছি। এতে ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা দু’টি প্যাকেজ নেয়ার বদলে একটি প্যাকেজেই গ্রাহকের কাজ চলবে বলে জানায় নির্মাতারা।
প্যাডফোন চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে। এর স্ক্রিনে প্রতি ইঞ্চিতে রেজুলিউশন রয়েছে ৪৪১ পিক্সেল। এর দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ইউরো।
