২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ৭-এ চলবে ইন্টারনেট এক্সপ্লোরার ১০

মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট নির্মিত কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এর সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার ১০ সরবরাহ শুরু করেছিলো ২০১২ সালের অক্টোবর মাসেই। বার্তা সংস্থা এবিসি নিউজ জানিয়েছে, এবার উইন্ডোজ ৭-এ ব্যবহারের উপযোগী ইন্টারনেট এক্সপ্লোরার (আইই) সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 10:55 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

মাইক্রোসফট জানিয়েছে, আইই ৯-এর সঙ্গে আইই ১০-এর অনেক মিল থাকলেও সবচেয়ে বেশি পার্থক্য এর গতিতে। আইই ৯-এর তুলনায় শতকরা ২০ ভাগ দ্রুতগতিতে ব্রাউজ করতে পারে আইই ১০।

এ ব্যাপারে মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার (ইন্টারনেট এক্সপ্লোরার) রায়ান গ্রাভিন বলেন, ‘আইই ১০ একটি আধুনিক ব্রাউজার, যা এর সঙ্গে সংশ্লিষ্ট সাইটগুলোর ওপর দৃষ্টিপাত করবে।’

নতুন ব্রাউজারের মাধ্যমে এর সঙ্গে সংশ্লিষ্ট অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে এমন সাইটগুলোকে পাদপ্রদীপের আলোতে নিয়ে আসতে চাইছে মাইক্রোসফট। ওয়েবসাইট ডেভেলপারদের সাইটগুলোকে অ্যাপ্লিকেশনের মতো করে ব্যবহারের উপযোগী করে এবং টাচ ডিভাইসে ব্যবহারের উপযোগী করে তৈরির উৎসাহ দিচ্ছে মাইক্রোসফট।

ব্রাউজারের বাজারের শতকরা ৫০ ভাগ আইই-এর দখলে থাকলেও খুব দ্রত এর জায়গা দখল করে নিচ্ছে গুগল ক্রোম এবং মোজিলা ফায়ারফক্সের মতো অন্যান্য ব্রাউজারগুলো।

আইই ১০-এ রয়েছে ‘ডু নট ট্র্যাক মি’ ফিচারটি। এটির ব্যবহারের ফলে একজন গ্রাহক কোন কোন সাইট ভিডিট করেছেন তা দেখতে পারবেন না বিজ্ঞাপনদাতারা। মাইক্রোসফট জানিয়েছে, ডিফল্ট সেটিংস হিসেবেই ‘ডু নট ট্র্যাক মি ফিচারটি’ চালু থাকবে আইই ১০-এ।