মহাকাশেও স্মার্টফোন!
দৈনন্দিন জীবনে ব্যবহার্য ডিভাইসগুলোর কার্যক্ষমতা মহাকাশে কেমন হবে, তা জানতেই গবেষণার অংশ হিসেবে ব্রিটিশ প্রকৌশলীদের বানানো স্ট্র্যান্ড-ওয়ান মহাকাশযানটিতে করে একটি গুগল নেক্সাস ওয়ান স্মার্টফোন মহাকাশে পাঠিয়েছেন ইউনিভার্সিটি অফ সারের বিজ্ঞানীরা। অরেঞ্জ নিউজ জানিয়েছে, মহাকাশযানটি যাত্রা শুরু করে ভারতের শ্রীহরিকোটা থেকে।
পৃথিবীর মাটি থেকে ৪৮৮ মাইল উপরে, সূর্যের সঙ্গে তাল মিলিয়ে পৃথিবীর কক্ষপথে ঘুরবে ‘ফোনস্যাট’ নামে পরিচিত কৃত্রিম উপগ্রহটি। আর পুরো মিশনে কৃত্রিম উপগ্রহটির ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত গুগল নেক্সাস ওয়ান স্মার্টফোনটি।
মূলত মহাকাশে স্মার্টফোনের মতো অত্যাধুনিক ডিভাইসগুলোর পারফরমেন্স কেমন হবে, তা যাচাই করতেই এই পদক্ষেপ নিয়েছেন বিজ্ঞানীরা। একটি স্যাটেলাইট চালাতে যেধরনের প্রযুক্তি প্রয়োজন হয়, তার সঙ্গে অনেক মিল রয়েছে আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত প্রযুক্তির।
নেক্সাস ওয়ান স্মার্টফোনটি দিয়ে কৃত্রিম উপগ্রহটি নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে বিশেষ কিছু অ্যাপ। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও পরীক্ষা করে দেখা হয়েছে স্মার্টফোনটির কার্যক্ষমতা।
স্মার্টফোনটিকে বহন করছে ৪.৩ কেজি ওজনের ৩.৯ ইঞ্চি বাই ১১.৮ ইঞ্চির একটি কৃত্রিম উপগ্রহ। এটি চালানোর জন্য আছে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম চালিত উচ্চগতির প্রসেসর, অরবিট কন্ট্রোল সিস্টেম এবং দু’টি প্লাজমা থ্রাস্টার, যা জ্বালানি হিসেবে ব্যবহার করে পানি ও অ্যালকোহলের বিশেষ এক মিশ্রণ।
