২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পর্শ অনুভব করবে বায়োনিক হাত

দুর্ঘটনায় হাত বা পায়ের মতো দেহের অঙ্গ হারিয়ে ফেলা ব্যক্তিদের শরীরের প্রতিস্থাপন করা যান্ত্রিক অংশ দিয়েই স্পর্শ অনুভব করা যেতে পারে। টেক নিউজ ডেইলি জানিয়েছে, নতুন এক বায়োনিক হাত নিয়ে গবেষণা করছেন সুইস বিজ্ঞানীরা, যার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে দেহের স্নায়ুতন্ত্রের। এর ফলে জৈবিক হাতের অনুভূতি ফিরিয়ে দিতে পারবে বায়োনিক হাত।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 06:29 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

সম্প্রতি গবেষকরা আবিষ্কার করেন, ব্যবহারের সীমাবদ্ধতা এবং কোন অনুভূতি না থাকায় শতকরা ৫০ ভাগ হাত বা পা হারানো ব্যক্তিই তাদের যান্ত্রিক বা নকল হাত বা পা ব্যবহার করেন না নিয়মিত। তাদের যান্ত্রিক দেহাংশের ব্যবহার আরো কার্যকর এবং স্পর্শ অনুভব করার ক্ষমতা যান্ত্রিক ইন্টরফেসের মাধ্যমে ফিরিয়ে দেয়া সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এ ব্যাপারে সুইস ফেডারাল ইন্সটিটিউট অফ টেকনোলজি ট্রানজিশনাল নিউরাল টেকনোলজি প্রধান সিলভেস্ত্রো মাইসেরা বলেন, ‘আমাদের স্বপ্ন স্টার ওয়ার্সের লুক স্কাই ওয়াকারের মতো কার্যকর আর স্পর্শ অনুভব করতে সক্ষম বায়োনিক হাত তৈরি করা।’

চার সপ্তাহের ক্লিনিকাল ট্রায়ালে মাইসেরা এবং তার সহকর্মীরা আবিষ্কার করেন, দেহের স্নায়ুতে ইলেক্ট্রড প্রতিস্থাপন করার পর অনুভূতি ক্ষমতা আংশিকভাবে ফিরে পাচ্ছেন পঙ্গু ব্যক্তিরা। এছাড়াও মস্তিষ্কের সংকেত দিয়ে জৈবিক হাতের মতোই বায়োনিক হাত ব্যবহার করা সম্ভব কিনা, সেটাও পরীক্ষা করে দেখেন তারা। এই পরীক্ষাতেও আশানুরূপ ফলাফল পেয়েছেন বিজ্ঞানীরা। স্নায়ুর মাধ্যমে পরিবাহিত হওয়া মস্তিষ্কের সংকেত দিয়েই যান্ত্রিক হাত পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।