মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন স্মার্টফোন আনলো হুয়াই
২৫ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় শুরু হলো বিশ্বের সর্ববৃহৎ মোবাইল প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। বিবিসি জানিয়েছে, প্রদর্শনীর শুরুতেই আধুনিক প্রযুক্তির ট্যাবলেট ও স্মার্টফোন দেখিয়েছে কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং ও চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াই।
হুয়াই প্রদর্শিত ৪.৫ ইঞ্চি পর্দার অ্যাসসেন্ড পি২ স্মার্টফোনের স্ক্রিনে প্রতি ইঞ্চিতে ৩১৫ পিক্সেল ব্যবহার করা হয়েছে। হুয়াই জানিয়েছে, তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন। এতে ম্যাজিক টাচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে হাতে গ্লাভস পরেও ডিভাইসটি চালানো যাবে। তাছাড়া এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
স্যামসাংয়ের আনা গ্যালাক্সি নোট ৮.০ ট্যাবলেট ডিভাইসটিতে প্রতি ইঞ্চিতে ১৮৯ পিক্সেল রেজ্যুলিউশন ব্যবহার করা হয়েছে যা, অ্যাপলের আইপ্যাড মিনির চেয়ে বেশি। এতে রয়েছে স্টাইলাস এস পেন। ফলে কাগজে লেখার মতো করেই কলম দিয়ে লেখা যাবে গ্যালাক্সি নোট ৮.০ ট্যাবলেটে।
