মার্চেই আসছে গুগল গ্লাস
মার্চ মাস থেকেই ১৫০০ ডলার দামে বিক্রি শুরু হচ্ছে সার্চ জায়ান্ট গুগলের নতুন পণ্য ‘গুগল গ্লাস’। তবে ব্যাপক হারে নয়, সীমিত সংখ্যক গুগল গ্লাস বিক্রি করবে এর নির্মাতা প্রতিষ্ঠান। টেক নিউজ ডেইলি জানিয়েছে, এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকা পণ্যটি নির্বাচিত ক্রেতাদের কাছে বিক্রি করে মূলত ‘প্রোডাক্ট ডেভেলপমেন্ট’-এর কাজটাই সারতে চাইছে গুগল।
গুগল গ্লাসের জন্য আগ্রহী ক্রেতাদের আবেদন করতে হবে টুইটার বা গুগল প্লাসের মাধ্যমে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে তাদের। আবেদনের সঙ্গে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করার সুযোগও পাবেন তারা। আবেদনকারীদের মধ্য থেকেই ক্রেতাদের পছন্দ করে নেবে গুগল। আর এতোকিছুর পরও ওই ক্রেতাদের পণ্যটি কিনতে হবে পুরো ১৫০০ ডলার খরচ করেই।
সীমিত সংখ্যক ক্রেতা মার্চ মাসে গুগল গ্লাস হাতে পেলেও পণ্যটি পুরোপুরি বাণিজ্যিকভাবে কবে বিক্রি শুরু হবে, তা জানায়নি গুগল কর্তৃপক্ষ। ২০১২ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো গুগল গ্লাস দেখিয়েছিলো প্রতিষ্ঠানটি।
গুগল গ্লাস দেখতে আধুনিক যেকোনো সানগ্লাসের মতো হলেও, আদতে এটি একটি ডিসপ্লে, যার ডান চোখের উপর থাকবে ভিডিও স্ক্রিনটি। এছাড়া এতে আছে একটি বিল্ট-ইন ক্যামেরাও। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে ডিভাইসটি। আর একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সব সুবিধাই থাকবে গুগল গ্লাসে।
