মৃত্যুর খবর ফেইসবুকে জানালো পুলিশ!
২৪ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সি রিকি ল্যাম্ব মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার রাজধানী আটলান্টার পুলিশ ফেইসবুকের মাধ্যমে নিহতের মাকে সংবাদটি জানান। খবর জানিয়েছে সিএনএন।
এদিকে নিহতের পরিচয় বের করতে পুলিশের চলছিলো নিরলস প্রচেষ্টা। সম্ভাব্য সব জায়গায় গিয়ে খোঁজ করেও পরিবারের কারও সন্ধান বের করতে পারেনি পুলিশ। অবশেষে পুলিশ ফেইসবুকের মাধ্যমে তার মাকে ঘটনাটি জানিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানায়। তবে সেসময় ভিত্তিহীন সংবাদ মনে করে কোনো পাত্তাই দেননি নিহত রিকি ল্যাম্বের মা।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ল্যাম্ব ক্রেসি বলেন, মিস্টি হ্যানকক নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে তিনি একটি মেসেজ পেয়েছেন। ভুয়া মেসেজ মনে করে এর কোনো গুরুত্বই দেননি তিনি।
১৪ ফেব্রুয়ারি ল্যাম্ব ক্রেসির বোনও ফেইসবুকে একই মেসেজ পাওয়ার পর পরিবারটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারে খবরটি পৌঁছাতে সম্ভাব্য সব জায়গাতেই অনুসন্ধান চালিয়েছেন তারা।
