স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করলো নাসা
টানা তিন ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)-এর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করতে পেরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিবিসি জানিয়েছে, কম্পিউটারের গোলযোগের কারণে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো আইএসএস-এর।
বিবিসি জানিয়েছে, টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে আইএসএস-এর সফটওয়্যার আপডেটের সময় নষ্ট হয়ে যায় ডেটা রিলে সিস্টেম। এর ফলে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্পেস স্টেশনটির।
টানা তিন ঘণ্টা পৃথিবীর সঙ্গে কোন যোগাযোগ করতে না পারলেও, এর মধ্যে রাশিয়ান স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন আইসএসএস-এর নভোচারীরা। ওই সময় আইএসএসে দু’জন আমেরিকান, তিনজন রাশিয়ান এবং একজন কানাডিয়ান নভোচারি অবস্থান করছিলেন।
