মহাকাশ থেকে চ্যাট করলেন নভোচারী
মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে মহাকাশচারী ক্রিস হাডফিল্ড রোববার সোশ্যাল মিডিয়া সাইট রেডিট ব্যবহার করে অনলাইনে চ্যাট করেন। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে ইন্টারনেটে লগইন করে মহাকাশ থেকে হাডফিল্ড পৃথিবীর মানুষদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বলে জানিয়েছে ম্যাশএবল।
পৃথিবীপৃষ্ঠের ৩৫৪ কিলোমিটার উপর থেকে ল্যাপটপের মাধ্যমে চ্যাট করেন কানাডার নাগরিক হাডফিল্ড। গত বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এএমএ চ্যাটিংয়ে অংশ নেন। এবারের চ্যাটিংয়ে দুই হাজারের বেশি প্রশ্ন ও মন্তব্য জমা পড়ে বলে জানিয়েছে ম্যাশএবল। স্পেস থেকে পৃথিবীকে কেমন দেখায়, এ প্রশ্নের জবাবে হাডফিল্ড লেখেন, এটা দেখতে মখমলের কার্পেটের মতো। নিচের দিকে তাকালে দেখা যায় অসংখ্য ছোট বাতি জ্বলছে।
এটা হাডফিল্ডের তৃতীয়বারের মতো কক্ষপথে ভ্রমণ। ১৭ বছর আগে তিনি প্রথমবারের মতো স্পেস শাটল আটলান্টিস থেকে মির স্পেস স্টেশনের দিকে যাত্রা করেন।
