ট্যাবলেট ডিভাইসের জন্য এলো উবন্টু অপারেটিং সিস্টেম
ট্যাবলেট ডিভাইসের জন্য লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবন্টু মঙ্গলবার উদ্বোধন করলো নির্মাতা ক্যানোনিক্যাল। ম্যাশএবল জানিয়েছে, সর্বশেষ অপারেটিং সিস্টেমটির মাধ্যমে অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে প্রতিযোগিতায় নামলো উবন্টু।
এর আগে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে একটি কাউন্টডাউন ঘড়ি বসায়, যার মাধ্যমে অপারেটিং সিস্টেমটি মুক্তির সময় গণনা করা হয়।
উবন্টুর সার্ভিসদাতা ক্যানোনিক্যাল সম্প্রতি ঘোষণা দিয়েছে, ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে গ্যালাক্সি নেক্সাস এবং নেক্সাস ফোর ডিভাইসে উবন্টুর মোবাইল ফোন অপারেটিং সিস্টেমটির ডেভেলপার ভার্সন ব্যবহার করা যাবে।
এছাড়া ফেব্রুয়ারির ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত স্পেনে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস প্রদর্শনীতে অপারেটিং সিস্টেমটি দেখাবে উবন্টু।
