মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ব্লু’!
‘উইন্ডোজ ব্লু’ নিয়ে কাজ করছে টেক জায়ান্ট টেক জায়ান্ট মাইক্রোসফট! প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, সম্প্রতি মাইক্রোসফটের জব সাইটে ‘উইন্ডোজ ব্লু’ নামটি উল্লেখ করা হয়েছে। আর উইন্ডোজের পরবর্তী আপডেটগুলো মাইক্রোসফট চিহ্নিত করছে ‘ব্লু’ সাংকেতিক নাম দিয়ে।
১৫ ফেব্রুয়ারি মাইক্রোসফটের জব সাইটে একজন নতুন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন বলে পোস্টে উল্লেখ করা হয়। ওই পোস্টেই লেখা হয় ‘উইন্ডোজ ব্লু’ নামটি। নিজস্ব সূত্রের বরাত দিয়ে সিনেট জানিয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আপডেট এবং সার্ভিস প্যাকগুলোকে বলা হচ্ছে উইন্ডোজ ব্লু। উইন্ডোজ ৮, উইন্ডোজ ফোন ৮, স্কাইপ এবং হটমেইলের মতো মাইক্রোসফটের পণ্য ও সেবাগুলোর জন্য উইন্ডোজ ব্লু আপডেট বাজারে আসতে পারে এ বছরেই।
২০১৩ সালের গ্রীষ্মের শেষ দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ব্লু। এ বছরের গ্রীষ্মে উইন্ডোজ ব্লু বাজারে আসলে লম্বা সময়ের ব্যবধানে অপারেটিং সিস্টেমের আপডেট প্রকাশ করার রেওয়াজ ভাঙবে মাইক্রোসফট।
উইন্ডোজ ব্লু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মাইক্রোসফট কর্তৃপক্ষ। তবে ব্লু নামেই এটি বাজারে আসার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছে সিনেট। সাইটটি আরো জানিয়েছে, এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সম্পূর্ণ নতুন কোনো ভার্সন নয় বরং উইন্ডোজ ৮-এর আপডেট হিসেবেই বাজারে আসবে।
