অফিস ২০১৩: লাইসেন্স শর্তে দ্বিধায় ব্যবহারকারীরা
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নতুন অফিস সুইট ‘অফিস ২০১৩’-এর লাইসেন্স শর্তাবলী নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন ব্যবহারকারীরা। ইয়াহু নিউজ জানিয়েছে, অফিস ২০১৩-এর লাইসেন্সের শর্ত অনুযায়ী, একজন ক্রেতা কেবল একটি কম্পিউটারেই ব্যবহার করতে পারবেন অফিস সুইটটি। কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে ওএস সেটআপ দিয়ে অফিস সুইট চালানো যাবে। কিন্তু পিসি যদি মেরামতের অযোগ্য হয়, তবে আর ব্যবহার করা যাবে না অর্থ দিয়ে কেনা অফিস সুইটটি।
অফিস ২০১৩-এর লাইসেন্স শর্তাবলীর এই সীমাবদ্ধতার কারণে বেশ বিপাকেই পড়েছেন ব্যবহারকারীরা। বাসার ডেস্কটপ কম্পিউটারে অফিস ২০১৩ ইনস্টল করলে সেটি আর ব্যবহার করা যাবে না ল্যাপটপে। আবার ল্যাপটপে ব্যবহার করলে করা যাবে না ডেস্কটপে। সোজা কথায়, একাধিক কম্পিউটারে অফিস ২০১৩ ব্যবহার করতে হলে কিনতে হবে একাধিক প্যাকেজ।
এর আগে অফিস ২০১০-এর লাইসেন্সের শর্তা অনুযায়ী, অন্তত দু’টি কম্পিউটারে অফিস সুইটটি ইনস্টল করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। কিন্তু সেই সুবিধা থাকছে না অফিস ২০১৩-তে। এ কারণে অনেক ক্রেতাই অফিস ৩৬৫ নাকি অফিস ২০১৩ কিনবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।
মাইক্রোসফটের এক মুখপাত্র এ ব্যাপারে বিস্তারিত জানান। ওই মুখপাত্র বলেন, ‘অফিস ২০১৩ কেবল একটি ব্যক্তিগত কম্পিউটারেই ইনস্টল করা যাবে।’ এর মানে হচ্ছে, অফিস সুইটটি একাধিক ডিভাইসে ব্যবহারের সুযোগ পাবেন না ক্রেতা। কম্পিউটারের সিস্টেম ক্র্যাশ করলে ওই কম্পিউটারে আবার অফিস ২০১৩ ইনস্টল করা যাবে। কিন্তু পোর্টেবল ডিভাইসটি বা ডেস্কটপ কম্পিউটারটি পুরোপুরি নষ্ট হয়ে গেলে সেটাকে প্রতিস্থাপন করা নতুন ডিভাইসে ইনস্টল করা যাবে না অফিস ২০১৩।
