এ সপ্তাহেই ডেভেলপারদের জন্য উবন্টু স্মার্টফোন ওএস
সাধারণ ক্রেতাদের জন্যে উবন্টু অপারেটিং সিস্টেম (ওএস) চালিত স্মার্টফোন এবছরের অক্টোবর মাসে বাজারে আসার কথা থাকলেও ডেভেলপাররা তা ব্যবহার করতে পারবেন এই সপ্তাহ থেকেই। ম্যাশএবল জানিয়েছে, টাচ স্ক্রিন ডিভাইসের অ্যাপ ডেলেপাররা উবন্টুর প্রিভিউ ভার্সন ব্যবহারের সুযোগ আগামী ২১ ফেব্রুয়ারি থেকেই পাবে বলে ঘোষণা করেছে উবন্টুর নির্মাতা ক্যানোনিকাল।
গ্যালাক্সি নেক্সাস এবং নেক্সাস ফোর ডিভাইসে ব্যবহার করা যাবে উবুন্টু ওএসের প্রিভিউ ভার্সনটি। ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ক্যানিনিকালের পক্ষ থেকেই উবুন্টু ওএস ইনস্টল করে দেয়া হবে উৎসাহী ডেভেলপারদের স্মার্টফোনে।
সম্প্রতি উবন্টু ওএস অ্যাপ বানানোর জন্য ডিজাইন গাইড প্রকাশ করে ক্যানোনিকাল। এ ছাড়াও কিউটি/কিউএমএল, ওয়েব অথবা এইচটিএমএল ফাইভ প্ল্যাটফর্মে অ্যাপ বানানোর প্রক্রিয়া সহজ করে দিতে একটি সফটওয়্যার ডেভলপমেন্ট কিটও প্রকাশ করেছে ক্যানোনিকাল।
