১০ মিনিটেই চার্জ হবে লিথিয়াম-আয়ন ব্যাটারি
নিত্যদিনের ব্যবহারের ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে যানবাহন পর্যন্ত সবখানেই ব্যাপকহারে ব্যবহার হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। কিন্তু চার্জ হতে বেশ লম্বা সময় নেয় ব্যাটারিগুলো। গিজমোডো জানিয়েছে, এই সমস্যা সমাধানে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার (ইউএসসি) বিজ্ঞানীরা বানিয়েছেন নতুন একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা পুরো চার্জ হতে নেবে মাত্র ১০ মিনিট।
ইউএসসি বিজ্ঞানীদের তৈরি ব্যাটারিটি শুধু যে ১০ মিনিটেই চার্জ হবে তাই নয়, সাধারণ ব্যাটারির থেকেও তিনগুণ বিদ্যুৎ শক্তি সংরক্ষণের ক্ষমতা রয়েছে এর। বিজ্ঞানীদের গবেষণার নেতৃত্ব দেন ইউএসসির স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ছাংকু চাও।
চাও এবং তার দলের সদস্যরা সিলিকন ন্যানো-ওয়্যার নিয়ে গবেষণা করেন, যা লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয় অনেকাংশে। একসঙ্গে অনেক ন্যানো-ওয়্যার তৈরি বেশ কঠিন হওয়ায় বাজারে সহজলভ্য সিলিকন গোলক সংগ্রহ করে তা থেকে সিলিকন ওয়্যার সংগ্রহ করেন বিজ্ঞানীরা।
ওই ন্যানো-ওয়্যারগুলো লিথিয়াম-আয়নগুলোর কার্যক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয়। এতে ১০ মিনিটেই চার্জ হয়ে যায় ব্যাটারিগুলো। বিজ্ঞানীদের তৈরি নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারিটি বাণিজ্যিক উদ্দেশ্যেও ব্যাপকহারে তৈরি করা যাবে।
