২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযানে স্পাই পেঙ্গুইন!

জেমস বন্ড আর রোবট স্পাই পেঙ্গুইনের মিল মূলত দু’টি জায়গায়। দু’জনের পরনেই থাকে টাক্সিডো, আর দু’জনেই গোপনে অনুপ্রবেশ করে গোয়েন্দাগিরির উদ্দেশ্যে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গার পেঙ্গুইন কলোনিতে রোবট পেঙ্গুইনের অনুপ্রবেশ ঘটিয়ে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজটি করছেন বিবিসির একদল প্রামাণ্যচিত্র নির্মাতা।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 07:15 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

পেঙ্গুইনদের জীবনধারার ওপর একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছে বার্তা সংস্থা বিবিসি। পেঙ্গুইনদের জীবনের বিস্তারিত তথ্য জানতেই চলচ্চিত্র নির্মাণের কাজে তারা ব্যবহার করছেন ৫০টি বিভিন্ন ধরনের স্পাই ক্যামেরা এবং রোবট পেঙ্গুইন। রোবট পেঙ্গুইনগুলোর চোখের জায়গায় রয়েছে ভিডিও ক্যামেরা, বড় কলোনিগুলোতে অনুপ্রবেশ করে সেখানকার পেঙ্গুইনগুলোর জীবনধারা নিয়ে ভিডিও করছে প্রায় এক বছর ধরে।

রোবট স্পাই পেঙ্গুইনগুলোর নাম রাখা হয়েছে বিভিন্ন জাতের পেঙ্গুইনের নামে। যেমন রকহপারক্যাম, এমপেররক্যাম এবং হামবোল্ডট ক্যাম। এর মধ্যে আলাদা করে বলা যায় রকহপারক্যামের কথা। যেকোনো দিকে ২০ ডিগ্রি ঘুরতে পারে দু’পেয়ে রোবট পেঙ্গুইনটি। এজন্য রোবটটির রয়েছে জাইরো/অ্যাক্সেলোরোমিটার। পড়ে গেলেও ঠিকমতোই উঠে দাঁড়াতে পারে রকহপারক্যাম। বিজ্ঞানীরা জানিয়েছেন, রোবট পেঙ্গুইনটি এতোই বাস্তবের মতো যে, অনেক জায়গায় রোবটটিকে নিজেদের দলের অন্তর্ভূক্ত করে নিয়েছিলো রক্তমাংসের পেঙ্গুইনরা।

গবেষণায় বিজ্ঞানীদের ব্যবহৃত রোবটগুলোর মধ্যে আরো ছিলো জলের ৩০০ ফিট গভীরে ডুব দিতে সক্ষম রোবট পেঙ্গুইন। ছিলো পেঙ্গুইন ছানার আদলে তৈরি রোবটও। এই রোবটগুলো ব্যবহার করে পেঙ্গুইনদের কোনোরকম বিরক্ত না করেই তাদের মধ্যে অনুপ্রবেশ করে দূর্লভ সব ভিডিও ধারণে সক্ষম হন প্রামাণ্যচিত্রটির নির্মাতারা। প্রথমবারের মতো কোনো এমপেরর পেঙ্গুইনের ডিম পাড়ার ঘটনাও ভিডিও করতে সক্ষম হন তারা।