দাম কমিয়েছে ম্যাকবুক প্রো
দাম কমানোর পাশাপাশি আপডেট করা হয়েছে ‘ম্যাকবুক প্রো’র প্রসেসরও।
দাম কমেছে টেক জায়ান্ট অ্যাপলের তৈরি ল্যাপটপ ‘ম্যাকবুক প্রো’র। ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রোর দাম এক ধাক্কায় ২০০ ডলার কমিয়েছে অ্যাপল। ইয়াহু নিউজ জানিয়েছে, দাম কমানোর পাশাপাশি আপডেট করা হয়েছে এর প্রসেসরও।
বুধবার অ্যাপল জানায়, ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরির রেটিনা ডিসপ্লেসহ ম্যাকবুক প্রোর দাম ১,৬৯৯ ডলার থেকে কমিয়ে ১,৪৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। ১,৬৯৯ ডলারে পাওয়া যাবে ল্যাপটপটির ২৫৬ জিবি ফ্ল্যাশ মেমোরির নতুন মডেলটি।
২০১২ সালের শরতে রেটিনা ডিসপ্লে ফিচারসহ নতুন ম্যাকবুক প্রো বাজারে ছেড়েছিলো অ্যাপল। বছরের শেষ দিকে অনেকটাই কমে আসে ল্যাপটপটির বিক্রি। ২০১১ সালের শেষ দিকের তুলনায় ২০১২ সালের শেষ দিকে ল্যাপটপটির বিক্রি কমে আসে শতকরা ২২ ভাগ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএসপি/এইচবি/ফেব্রুয়ারি ১৪/১৩
