অস্কারে প্রযু্ক্তি জাদুকরদের সম্মাননা
বেশিরভাগ দর্শক হয়তো আরও দুই সপ্তাহ অস্কার নিয়ে ভাববেন না। এর মধ্যেই জনপ্রিয় অ্যানিমেশন মুভি ‘শ্রেক’-এর পেছনের কম্পিউটার গ্রাফিক্সসহ বছরের পর বছর ধরে পর্দার পেছনের প্রযুক্তির জাদু দেখানো জাদুকরদের সম্মানিত করেছে অস্কার একাডেমি। খবর সিনেট-এর।
ফেব্রুয়ারির ২৪ তারিখে অনুষ্ঠিতব্য একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুধু ২০১২ সালের সিনেমাভিত্তিক সাফল্যকে পুরস্কৃত করা হবে। তবে তার আগেই সায়েন্টিফিক এবং টেকনিক্যাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাডেমি সেইসব ব্যক্তিত্বদের বেছে নিলো, যারা সিনেমার টেকনিক্যাল বিভাগে বিশেষ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ‘স্টার ট্র্যাক’-এর দু’জন শিল্পী ক্রিস পাইন এবং জো স্যালডেনা। সেখানে নয়টি বিভাগে ২৫ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের ধারণকৃত অংশসমূহ মূল অনুষ্ঠানে দেখানো হবে।
ড্রিমওয়ার্কস-এর লরেন্স কেসটেলুট, ড্রিউ অলব্রিক এবং ড্যানিয়েল অয়েক্সলারকে একাডেমি সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয় কম্পিউটার গ্রাফিক্স লাইটিং-এর লাইট সিস্টেম তৈরি করার জন্য। এটি ‘শ্রেক’ এবং ‘মাদাগাস্কার’ মুভি দু’টিতে ব্যবহার করা হয়েছে।
সিমন ক্ল্যাটারব্যাক, জেমস জ্যাকব এবং ডক্টর রিচার্ড ডরলিংকে একাডেমি প্ল্যাক দিয়ে সম্মানিত করা হয় । এছাড়া ‘ম্যাথিউস ম্যাক মেনাক আর্ম’-এর উদ্ভাবক রিচার্ড মলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই আর্ম হচ্ছে একটি বহনযোগ্য কাঠামো, যার সাহায্যে যখন তখন লাইট এবং ক্যামেরা স্থাপন করা যায়।
