টুইটারে টেইলর সুইফটকে হুমকি
টেইলর সুইফটের ওপর ক্ষেপেছেন উগ্র ভক্তরা। ম্যাশএবল জানিয়েছে, ৫৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ গানটি গাওয়ার পর টুইটারে সুইফটকে রীতিমতো হত্যার হুমকি দিতে থাকে উগ্র ভক্তরা।
জনপ্রিয় এই সংগীত শিল্পীর বিরুদ্ধে টুইটারে এই রোষের কারণটি হতে পারে গ্র্যামি অ্যাওয়ার্ডসে তার গান গাওয়ার ধরনটি। ভক্তদের অনেকেই মনে করছেন, সুইফট ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ গানটি গেয়েছেন সাবেক ব্রিটিশ প্রেমিক হ্যারি স্টাইলসকে উদ্দেশ্য করে।
গানটি মঞ্চে গাইবার সময় স্টাইলসকে ব্যাঙ্গ করেই হয়তো কয়েকটি লাইন সুইফট গেয়েছিলেন ব্রিটিশ উচ্চারণে। আর এতেই ক্ষেপেছেন স্টাইলস ভক্তরা। ওই অনুষ্ঠানের পর একাধিক ব্যক্তি টুইটারে আক্রমণ করে বসেন সুইফটকে। হত্যার হুমকি দিতেও বাধেনি অনেকেরই।
