এবার ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি হবে অঙ্গ-প্রত্যঙ্গ!
ভবিষ্যতে কিডনি প্রতিস্থাপনে হয়তো প্রত্যেকের জন্য আলাদাভাবে তৈরি করা হবে অঙ্গ-প্রত্যঙ্গ। হ্যাঁ, এমনই এক প্রতীক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা। আর এই যুগান্তকারী গবেষণায় যুক্ত আছেন স্কটল্যান্ডের হেরিওট-ওয়াট ইউনিভার্সিটির একদল গবেষক এবং তাদের সহায়তায় আছে ‘রোজলিন সেল্যাব’ নামে একটি স্টেম সেল টেকনোলজি প্রতিষ্ঠান। খবর সিনেট-এর।
এ প্রযুক্তিতে ত্রিমাত্রিক প্রিন্টারে প্লাস্টিক বা অন্য পদার্থের পরিবর্তে স্টেম সেল থেকে তৈরি বায়ো-ইঙ্ক ব্যবহার করা হয়। এই বায়ো-ইঙ্ক তৈরি হয় ভাসমান ছোট এমব্রিয়োনিক সেল কালচার ব্যবহার করে। অনেকটা ছোট বাবলের মতো আকারের বায়ো ইংকের প্রতিটি ড্রপলেট প্রায় পাঁচটি স্টেম সেল ধারণ করতে পারে।
গবেষকদলের একজন ড. উইল শু জানান, তারা এই প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিতে চান, যেন রোগীর নিজের কোষ থেকেই ত্রিমাত্রিক অঙ্গ তৈরি করা যায়। এতে নতুন কোন রোগের আশঙ্কা নেই।এছাড়া অঙ্গপ্রত্যঙ্গ দান করার ঝামেলা এবং শরীরের প্রত্যাখ্যানের সম্ভাবনাও থাকেনা।
ড. শু আরও জানান, এই প্রথম মানুষের এমব্রায়োনিক স্টেম সেল ত্রিমাত্রিকভাবে তৈরি করা হয়েছে। আশার কথা হচ্ছে, এই সেল এখনও ভালোভাবেই ব্যবহারযোগ্য অবস্থায় আছে। পরবর্তীতে ওষুধ পরীক্ষার জন্যও এই পদ্ধতি ব্যবহার করা যাবে।
