জনপ্রিয় আইওএসের নতুন জেইলব্রেক
মুক্তির কয়েক দিনের মধ্যেই ধুন্ধুমার জনপ্রিয়তা পেয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমটির নতুন জেইলব্রেক ‘ইভেশন’। ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সোমবার মুক্তি পাবার পর ইতোমধ্যেই ৭০ লাখেরও বেশি অ্যাপল ডিভাইসের মালিক ডাউনলোড করে ব্যবহার করছেন জেইলব্রেকটি।
জানুয়ারি মাসেই অ্যাপল দাবি করেছিলো, ৩০ কোটি আইওএস সিক্স অপারেটিং সিস্টেমের ডিভাইস বিক্রির। ইভেশন আইওএস সিক্স ডিভাইসের ক্ষেত্রেও কার্যকর হবার কারণেই অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে জেইলব্রেকটি। আইফোন ফাইভেও কাজ করে ইভেশন।
যদিও আইওএসের যে ফাঁকগুলো ব্যবহার করে ইভেশন জেইলব্রেক করে, সেগুলো ঠিক করতে ইতোমধ্যেই নতুন আপডেট আইওএস ৬.১.১ প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত নতুন আপডেট দিয়েও ইভেশনের ব্যবহার ঠেকাতে পারেনি অ্যাপল।
ইভেশন ব্যবহারের ব্যাপারে সতর্কবার্তাও জানিয়েছে অ্যাপল। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, জেইলব্রেক করা হলে অ্যাপল ডিভাইসের ব্যাটারি লাইফ কমে আসতে পারে, অস্থিতিশীল হতে পারে ডিভাইসটির হার্ডওয়্যার ও সফটওয়্যার দুটোই।
