২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসে বীজগণিত শেখাবে ড্রোন আর রোবট

স্কুলের ক্লাসরুমে কাগজ কলমের জায়গাটি ক্রমশ দখল করে নিচ্ছে কম্পিউটার আর ট্যাবলেট। এরপর এ জায়গাটি রোবট আর ড্রোনদের দখলে যেতেও সময়টা খুব বেশি লাগবে না। সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে,  ক্লাসরুমে বাচ্চাদের শেখানোর জন্য রোবট বানানো শুরু করে দিয়েছে রোবটসল্যাব।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 01:10 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

রোবট অ্যাপ স্টোরের শিক্ষাভিত্তিক শাখা রোবটসল্যাব। ইতোমধ্যেই ক্লাসরুমে ব্যবহারের জন্য ‘রোবটসল্যাব বক্স’ নামের টুল বক্স তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আর বক্সটিতে রয়েছে কথা বলা টিয়ে পাখির মতো প্যারোট ড্রোন, একটি স্ফিরো রোবটিক বল, দু’চাকার মডিউলার রোবট মোবট এবং রোবটিক হাত আর্মবট।

রোবটসল্যাব বক্সের রোবটগুলো নিয়ন্ত্রণের জন্য বক্সটির সঙ্গেই থাকবে একটি ট্যাবলেট। ট্যাবলেটটি দিয়ে রোবটগুলোকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি পড়ার বিষয়গুলো বাচ্চাদের শেখাতে রোবটগুলো যেন কাজে লাগানো যায়, সেজন্য আছে নানা ফিচার।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোবটসল্যাব সিইও ইলাদ ইনবার বলেন, ‘আমাদর উদ্দেশ্য হচ্ছে ৭ম থেকে ১২তম গ্রেডের শিশু-কিশোরদের মজা করতে করতেই জ্যামিতি, বীজগণিত আর পদার্থবিজ্ঞনের মতো কঠিন সব বিষয় শেখাতে সাহায্য করা।’