গুগল বিজ্ঞাপনে বর্ণবাদের অভিযোগ
হার্ভার্ডের এক প্রফেসরের গবেষণা অনুযায়ী, গুগল সার্চে শ্বেতাঙ্গ নামের তুলনায় কৃষ্ণাঙ্গ নামের ব্যবহার অ্যাডওয়ার্ডস-এর বিজ্ঞাপন সাইট থেকে অপরাধ সংক্রান্ত প্রোফাইল প্রদর্শন করে। খবর এবিসি নিউজ-এর।
হার্ভার্ড ইউনিভার্সিটির সরকার ও প্রযুক্তি বিভাগের একজন প্রফেসর এবং অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা বিশেষজ্ঞ লাটানিয়া সুইনি জানান, অনলাইনে বিজ্ঞাপনের ক্ষেত্রে শ্বেতাঙ্গ শিশুদের গতানুগতিক নামের তুলনায় কৃষ্ণাঙ্গ শিশুদের নামগুলো বেশিরভাগ সময় অ্যারেস্ট রেকর্ড তুলে ধরে।
এই গবেষণায় পূর্ববর্তী কর্মক্ষেত্রের ব্যবধানের ওপর ভিত্তি করে প্রায় ২,১৮৪টি নাম ছিল। সুইনি মূলত গুগল এবং গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে তার গবেষণা চালান। কৃষ্ণাঙ্গ শিশুদের গতানুগতিক কিছু নাম যেমন দেশান, ডারমেল, জারমেইন প্রভৃতি নামের বিজ্ঞাপনগুলো একটি ওয়েবসাইটে শতকরা ৮১ থেকে ৮৬ ভাগ, অন্যটিতে শতকরা ৯১ থেকে ৯৫ ভাগ ক্ষেত্রে অ্যারেস্ট রেকর্ড প্রদর্শন করে।
শ্বেতাঙ্গ শিশুদের যেসব নাম হয় যেমন জিওফ্রে, জিল, এমা ইত্যাদি বেশ নিরপেক্ষ ফল প্রদর্শন করে। তাদের ক্ষেত্রে একটিতে শতকরা ২৩ থেকে ২৫ ভাগ এবং অন্যটিতে ০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে এই ধরনের অপরাধ রেকর্ড প্রদর্শন করে।
নামের ক্ষেত্রে এমন বর্ণবাদ অনেক ক্ষেত্রেই, বেশ নেতিবাচক প্রভাব ফেলে। সার্চ ইঞ্জিনের এমন ফলাফলের পেছনে গুগলের অ্যালগরিদম দায়ী নাকি সমাজের থেকে যাওয়া বর্ণবাদ, সেটা খুজে বের করতে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন সুইনি।
সুইনি আরও বলেন, ‘বিজ্ঞাপন সরবরাহের ক্ষেত্রে এমন বৈষম্য, প্রশ্নের উত্তর দেবার বদলে আরও প্রশ্ন তৈরি করে।’
অন্যদিকে গুগল অ্যাডওয়ার্ডস কর্তৃপক্ষ জানায় যে, তারা কোনো বর্ণবাদ সংক্রান্ত বিষয় চালায় না। যারা বিজ্ঞাপন দিচ্ছেন এটা তাদের ব্যাপার যে, তারা তাদের বিজ্ঞাপন কোন সূত্রে প্রদর্শন করতে চান।
