৫ বছরের শিশুর জীবন পাল্টালো ‘রোবোহ্যান্ড’
পাঁচ বছরের ছোট্ট শিশুর জীবন পাল্টে দিলো থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি যান্ত্রিক হাত। জন্ম থেকেই ডান হাতে কোনো আঙ্গুল ছিলো না সাউথ আফ্রিকান বালক লিয়ামের। এবিসি নিউজ জানিয়েছে, থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির ‘রোবোহ্যান্ড’এর বদৌলতে এখন লিয়ামের ডান হাতে শোভা পাচ্ছে নতুন আঙ্গুল।
লিয়ামের জন্য যান্ত্রিক হাতটি বানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ইফেক্ট শিল্পী আইভান ওউয়েন। সাউথ আফ্রিকার কাঠের কারিগর রিক ভ্যান অ্যাজের সঙ্গে কাজ করছিলেন ওউয়েন। কর্মক্ষেত্রের এক দুর্ঘটনায় চারটি আঙ্গুল হারিয়েছিলেন ভ্যান অ্যাজ। মূলত ভ্যান অ্যাজের জন্যেই কাজ করছিলেন ওউয়েন। ব্লগে ওউয়েনের রোবোহ্যান্ড বিষয়ে পোস্ট দেখে তার সঙ্গে যোগাযোগ করেন লিয়ামের মা।
এরপর লিয়ামের জন্য রোবোহ্যান্ড বানাবার সিদ্ধান্ত নেন ওউয়েন এবং ভ্যান অ্যাজ। আর তাদের এই পদক্ষেপই বদলে দিয়েছে লিয়ামের জীবন। রোবোহ্যান্ড দিয়েই এখন বাস্কেটবল খেলতে পারছে লিয়াম। এমনকি মেঝেতে পড়ে থাকা পয়সা তুলে নিতেও কোনো সমস্যা হচ্ছে না তার।
লিয়ামের জন্য তৈরি রোবোহ্যান্ডটি সফল হওয়ায় এ নিয়ে আরো বড়ো পরিসরে কাজ করার পরিকল্পনা করছেন ওউয়েন ও ভ্যান অ্যাজ। অলাভজনক একটি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে থ্রি-ডি রোবোহ্যান্ড তৈরি শেখানোর পরিকল্পনা করছেন তারা।
